সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে তাড়াশ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সন্তোষ কুমারকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার সকালে তাকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম জানান, শুক্রবার রাতে পুলিশ সুপার প্রত্যাহারের আদেশ দেন। গৃহবধূর শ্লীলতাহানির বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তদন্ত করছেন। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত মঙ্গলবার রাত ৮টার দিকে এএসআই সন্তোষ কুমার মাদক তল্লাশির নামে তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের গুড়পিপুল যশাইপাড়া গ্রামে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে ওই গৃহবধূ অভিযোগ করেন। শুক্রবার এ-সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি পুলিশ সুপারের নজরে আসে।
