ইরানে পর্দা নিয়ে বাড়াবাড়ি নতুন নয়। সে দেশের নারীদের কঠোর অনুশাসনের মধ্যে থাকতে হয়। চলাফেরায় করতে হয় পর্দা। সেটা না মানায় গত বছর নারীদের ওপর দই হামলার মতো ঘটনার খবর প্রকাশিত হয়েছে বিশ্ব সংবাদ মাধ্যমে। হিজাব আইনে অনুপযুক্ত পোশাক পরিধানে নারীদের সর্বোচ্চ ১০ বছর সাজার বিধান রয়েছে। ইরানে যখন আন্তর্জাতিক কোনো আসর হয়, তখন আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনগুলোকেও মানতে হয় সেই আইন। সেটা মেনেই শনিবার থেকে তেহরানে শুরু হয়েছে ১১তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। সেখানে নারীদের ইভেন্টগুলো আয়োজন করা হচ্ছে পুরুষশূন্য ইনডোরে। ক্রীড়াবিদের মতো জাজ, রেফারি, অফিসিয়াল, কোচ এমনকি দর্শকরাও সব নারী। কোন দেশের নারী অফিসিয়াল কিংবা কোচ না থাকলে ক্রীড়াবিদকে একাই অংশ নিতে হচ্ছে ইভেন্টে। এই যেমন রবিবার বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তারকে ভিন্নরকম অভিজ্ঞতা নিতে হলো। ৬০ মিটার স্প্রিন্টের হিটে দৌঁড়ে তিনি পরের ধাপে যেতে পারেননি। তবে তার ইভেন্টের সময় বাংলাদেশের কোন অফিসিয়াল সেখানে উপস্থিত থাকতে পারেননি।
অ্যাথলেটিকস মিটের প্রচলিত নিয়ম হলো একই ভেন্যু পুরুষ ও নারীদের ইভেন্টগুলো চলে সমানতালে। এই যেমন নারীদের ১০০ মিটার স্প্রিন্টার শেষ হওয়ার পরেই হয় পুরুষদের এই ইভেন্ট। তবে এবারের আসর ইরানে হওয়ায় বদলে গেছে এই নিয়ম। পুরুষ ও নারীদের ইভেন্টগুলো হচ্ছে আলাদা আলাদা সময়ে। সকালে হচ্ছে নারীদের ইভেন্ট। আর পুরুষদের সব ইভেন্ট বিকেলে। ফলে ইনডোরে তৈরী হয় একেবারে ভিন্ন আবহ। যে আবহতে অতীতে কখনো খেলেননি শিরিন। রবিবার নিজের ইভেন্ট ৬০ মিটার স্প্রিন্টের হিটে ৭.৮৬ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন। সামগ্রিকভাবে হন ১৩তম। এবার সেমিফাইনাল না থাকায় ফাইনালে যাওয়ার সুযোগ হারিয়েছেন কিছুদিন আগেই ১৫তম বারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাবজয়ী শিরিন, ‘গত আসরে সেমিফাইনাল ছিল। এবার সরাসরি ফাইনাল থাকায় বাদ পড়তে হলো। সেমিফাইনাল থাকলে আবার খেলার সুযোগ পেতাম। তবে গতবারের চেয়ে এবারের টাইমিংয়ে উন্নতি হয়েছে।'
পুরুষশূন্য ইনডোরে খেলার অভিজ্ঞতায় তিনি বলেন, ‘একেবারেই ভিন্নরকম একটা অভিজ্ঞতা হলো। নারীদের ইভেন্টে পুরুষদের কোন কাজ নেই। সব কিছুই করছেন নারীরা। ফটো ফিনিশিং, টাইম কিপার, জাজ, প্রতিযোগী, দর্শক সবাই নারী। মেয়েদের ইভেন্টের সময় পুরুষদের প্রবেশাধিকার নিষিদ্ধ।'
সাত সদস্যের বাংলাদেশ দলে একমাত্র নারী শিরিন। ফলে সতীর্থ কিংবা অফিসিয়াল কেউই তার ইভেন্টের সময় ছিলেন না। তাদের অপেক্ষায় থাকতে হয়েছে ইনডোর স্টেডিয়ামের বাইরে। দলের দলনেতা ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাক আব্দুর রকিব মন্টু জানান, বাংলাদেশের মতো অমুসলিম দেশগুলোর অ্যাথলেটদেরও এই নিয়ম মানতে হচ্ছে।
এদিকে আজ ইরানের স্থানীয় সময় বিকেলে পুরুষ ৬০ মিটার স্প্রিন্টারে অংশ নিবেন গত এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী বাংলাদেশের স্প্রিন্টার ইমরানুর রহমান। একই ইভেন্টে দেখা যাবে বাংলাদেশের রাকিবুল হাসানও। এছাড়া শনিবার নিজের হিটে প্রথম হওয়া জহির রায়হানও ৪০০ মিটার স্প্রিন্টের ফাইনালে নামবেন আজ।
