ন্যাশনাল মেডিকেল কলেজ

সাঈদ খোকনকে চেয়ারম্যান করে গভর্নিং বডির বৈধতা নিয়ে হাইকোর্টের রুল 

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৬ পিএম

ঢাকা- ৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে সভাপতি করে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনায় গভর্নিং বডির বৈধতা প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। 

শিক্ষা সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), সংসদ সদস্য সাঈদ খোকন ও ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষকে রুলের জবাব দিতে বলেছে আদালত। 

গত ১৬ জানুয়ারি সাঈদ খোকনকে চেয়ারম্যান করে সাত সদস্যের ওই কমিটি গঠন করা হয়। কমিটির বৈধতা নিয়ে গত ১১ ফেব্রুয়ারি হাইকোর্টে এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।   

অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ দেশ রূপান্তরকে বলেন, ২০১৬ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি রায়ের সিদ্ধান্ত অনুযায়ী, কোনো সংসদ সদস্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির সভাপতি বা চেয়ারম্যান হতে পারবেন না। এছাড়া ঢাকা বিশববিদ্যালয়ের আইন অনুযায়ী, ভিসির একজন প্রতিনিধি কমিটিতে থাকতে হবে উল্লেখ থাকলেও কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে চারজনকে। এসব নিয়ে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রুল দিয়েছেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী তুষার কান্তি রায় দেশ রূপান্তরকে বলেন, হাইকোর্ট ওই কমিটির বৈধতার প্রশ্নে রুল দিয়েছেন। রিট পিটিশনার নিজেও ওই কমিটিতে যোগ দিতে সেখানে একটি আবেদন করেছিলেন। সেই আবেদনটি কলেজ কর্তৃপক্ষকে নিস্পত্তি করতে বলেছেন আদালত। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত