রোজার আগেই আসছে চিনি-পেঁয়াজ, প্রস্তুতি চলছে হিলিতে

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৩ পিএম

পবিত্র রমজান মাসের আগেই ভারত থেকে পেঁয়াজ ও চিনি আমদানি করতে সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিনাজপুর হিলি স্থলবন্দর ব্যবসায়ীরা এই দুটি পণ্য ভারত থেকে আমদানি করতে প্রস্তুতি শুরু করেছে।

হিলি স্থলবন্দরে উদ্ভিদ গণনিরোধ বিভাগের উপসহকারী কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ ও চিনি রমজান মাসের আগেই আমদানি করতে ব্যবসায়ীদের এলসি খোলার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, পবিত্র রমজান মাসে বাজারদর নিয়ন্ত্রণ রাখতে বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা এই তথ্য শোনার পর সোমবার সকাল থেকেই ভারতীয় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ শুরু করছেন।

খুব স্বল্প সময়ের মধ্যেই ব্যবসায়ীরা এলসি খুলে পণ্য দুটি ভারত থেকে আমদানি শুরু করবে বলে জানিয়েছেন তিনি।

দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ হারুন সোমবার দুপুরে  জানান, কিছু অসাধু ব্যবসায়ীরা এই দুটি নিত্য প্রয়োজনীয় পণ্য অবৈধ মজুদ রেখে বাজারে দ্রব্যমূল্য অস্থিতিশীল করছে। এ কারণেই ভারত থেকে পণ্য দুটি আমদানি করে বাজার দর সহনশীল রাখতে আমদানিকারকেরা সবধরনের সহযোগিতা করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত