‘তথ্যপ্রযুক্তির যুগে সাংবাদিকতার ক্ষেত্রে সৃজনশীল হতে হবে’

দেশ রূপান্তরে মতবিনিময়

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৫ এএম

প্রযুক্তির উন্নয়নের ফলে মানুষ নানা উৎস থেকে তথ্য পাচ্ছে। তথ্যর কোনো ঘাটতি নেই। একজন সাংবাদিকের কাছে যেমন তথ্য থাকে, তেমনি একজন পাঠকের কাছেও তথ্য থাকে। কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে সৃজনশীল হতে হবে।

গতকাল সোমবার দেশ রূপান্তরের সঙ্গে এমআরডিআইয়ের মতবিনিময় সভায় সুইডেনের লিনিয়াস বিশ্ববিদ্যালয়ের ফোজো মিডিয়ার জ্যেষ্ঠ উপদেষ্টা লার্স টালার্ট এসব কথা বলেন।

তিনি বলেন, টেকসই সাংবাদিকতা ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। তবে  সাংবাদিকতার সঙ্গে টেকসই উন্নয়ন সম্পর্কিত। পরিবেশ-প্রকৃতি অক্ষত রেখেই যেমন উন্নয়ন করতে হবে, তেমনি সংবাদমাধ্যমের সুরক্ষাও নিশ্চিত করতে হবে। সেটি নিশ্চিত করতেই দরকার সাংবাদিকতা।

লার্স টালার্ট বলেন, সাংবাদিকতা ছাড়া টেকসই গণতন্ত্র টেকে না। বিশে^র সর্বত্রই গণতন্ত্রের অভাব রয়েছে। এ অবস্থায় আমাদের ভালো সাংবাদিকতা করতে হবে এবং সংগ্রাম চালিয়ে যেতে হবে। পাঠক কী চায়, তাদের চিন্তার সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে হবে। এ ছাড়া আর কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, সাংবাদিকতার পূর্বশর্ত হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। অনেক ক্ষেত্রে গণমাধ্যমের জন্য বিভিন্ন ধরনের আইন হয়। এসব আইনকানুন থেকে নিজেকে বাঁচিয়ে কাজ করতে হবে। এজন্য সংবাদমাধ্যমগুলোকে পেশাদারত্বের পরিচয় দিতে হবে।

বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন সবার আগে টের পায় জেলে ও কৃষকরা উল্লেখ করে ফোজো মিডিয়ার এ জ্যেষ্ঠ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ পেশায় থাকা মানুষের ঝুঁকি প্রতিনিয়তই বাড়ছে। আর এ ঝুঁকি তাদের জীবনের ওপর সরাসরি প্রভাব ফেলছে। গণমাধ্যমকে বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরতে হবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে জোরালো ভূমিকা রাখছেন।

বিশে^ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলো তহবিল সংকটে ভুগছে। পরিবেশ দূষণে দায়ী দেশগুলো প্রতিশ্রুত ক্ষতিপূরণ সেভাবে দিচ্ছে না। বিশ্বব্যাংক, এডিবির মতো প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বন্ড ইস্যু করে জলবায়ু তহবিল সংগ্রহের পরামর্শ দিচ্ছে এ প্রসঙ্গে তিনি বলেন, জলবায়ুবিষয়ক যে ফান্ড বা প্রকল্প আসে সেগুলোর যথাযথভাবে ব্যবহার ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। প্রকল্পসংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকে ভূমিকা পালন করতে হবে।

সবশেষে দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন মতবিনিময় করার জন্য লার্স টালার্টকে ধন্যবাদ জানান। এমআরডিআইএর প্রকল্প ব্যবস্থাপক সানাউল হক দোলন এ মতবিনিময় সভায় অংশ নেন। এ ছাড়া সভায় দেশ রূপান্তরের বিভাগীয় প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত