মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শিক্ষাবিদ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক এনামুল হক মারা গেছেন। গতকাল সোমবার সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুর খবরে শিক্ষা ও সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। অধ্যাপক এনামুল হক রাজশাহী কলেজে ‘রাইফেল রোটি আওরাত’ এর লেখক ও বুদ্ধিজীবী আনোয়ার পাশার সহপাঠী ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক চর্চার পুরোধা ব্যক্তিত্ব ছিলেন।
অধ্যাপক এনামুল হক শেষ জীবনে তরুণ প্রজন্মের কাছে বিলিয়েছেন জ্ঞানের আলো। তাদের একজন বর্তমানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফখরুল ইসলাম বলেন, ‘আমরা একজন জ্ঞান তাপসকে হারালাম।’ তরুণ কথাসাহিত্যিক আনিফ রুবেদ বলেন, ‘যে আলো তিনি ছড়িয়েছেন চিরদিন তিনি আমাদের পথ প্রদর্শক হয়ে থাকবেন। অধ্যাপক এনামুল হক চাঁপাইনবাবগঞ্জ ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি দীর্ঘদিন উদীচী, চাঁপাইনবাবগঞ্জ সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি চাঁপাইনবাবগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ছিলেন।
গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের মৃধাপাড়া কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। প্রয়াত শিক্ষাবিদ অধ্যাপক এনামুল হকের মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাজহারুল ইসলাম তরু, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে সভাপতি শহীদুল হুদা অলকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
