জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক এ কে এম শামসুজ্জোহার ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। তিনি ছিলেন একাধারে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, গণপরিষদের সদস্য ও স্বাধীনতার পরে জাতীয় সংসদের সদস্য।
এ কে এম শামসুজ্জোহা দেশের অন্যতম ঐহিত্যবাহী ওসমান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম জননেতা খান সাহেব ওসমান আলীও ছিলেন একজন ভাষাসৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক এমএলএ।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবার ও নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিনভর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ দিনব্যাপী পবিত্র কোরআনখানি, শোক র্যালি, কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারতের পাশাপাশি মরহুমের পরিবারের পক্ষ থেকে চাষাড়ার ‘হীরা মহলে’ বাদ আসর প্রয়াত এ কে এম শামসুজ্জোহা ও প্রয়াত বেগম নাগিনা জোহার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের মেজো ছেলে সেলিম ওসমান এমপি ও ছোট ছেলে আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান এমপি মরহুমের রুহের মাগফিরাত কামনায় চাষাড়ার পৈতৃক বাড়ি হীরা মহল ও পার্শ্ববর্তী মসজিদে বাদ আসর আয়োজিত মিলাদ ও দোয়ায় অংশ নেওয়ার আকুল আবেদন জানিয়েছেন।
মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রয়াত এ কে এম শামসুজ্জোহাকে ২০১২ সালে স্বাধীনতা পদকে (মরণোত্তর) ভূষিত করা হয়।
