আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে আন্ত হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি মোল্যা নজরুল ইসলাম।
শুরুতেই জাতীয় সংগীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হলে শিক্ষার্থীদের প্রাণোচ্ছ্বাসে খেলার মাঠ হয়ে ওঠে এক আনন্দ জগৎ। শিক্ষার্থীরা হাউজভিত্তিক কন্টিনজেন্টে বিভক্ত হয়ে প্রধান অতিথিকে সালাম প্রদর্শন করে। প্যারেড পরিচালনায় নেতৃত্ব দেন কলেজ ডেপুটি লিডার মেহেদী হাসান।
সুসজ্জিত মাঠে উপস্থিত অভিভাবক ও সুধীজনের উদ্দেশে বক্তব্য রাখেন ডিআইজি মোল্যা নজরুল ইসলাম। প্রধান অতিথির ভাষণে তিনি কাজী নজরুলের দ্রোহের শক্তি এবং অগ্নিকন্যা প্রীতিলতার সাহসিকতাপূর্ণ স্বাধীনতাসংগ্রাম ও জীবন দানের কথা উল্লেখ করে শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেকে বিনির্মাণের কথা বলেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মোহাম্মদ আবুল হোসেন অভ্যাগত অতিথিদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে দিক-নির্দেশনা ও তত্ত্বাবধান করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি অতিরিক্ত ডিআইজি মো.আব্দুর রাজ্জাক।
