পিএসজি অধ্যায়ের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন নেইমার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২১ পিএম

গত বছরের মে মাসের কথা। নেইমার তখন পিএসজির নাম্বার টেন। সেখানে দরে পেয়েছেন পুরনো বন্ধু লিওনেল মেসিকে। মেসির সৌদি যাত্রা কেন্দ্র করে নিষিদ্ধ হওয়ার ঘটনায় নেইমারের বাড়ির সামনে ‘পিএসজি আলট্রা’ নামক একদল সমর্থক গোষ্ঠী বিক্ষোভ করে। হুমকি দেওয়া হয় নেইমার যেন পিএসজি ছেড়ে চলে যান। সেই ছবি আপলোড করা ‘অফউইক্লিয়ার’ নামক পেজটির ক্যাপশনে লাইক দিয়েছিলেন নেইমার। ক্যাপশনটিতে পিএসজি সমর্থকদের ওই কাজের নিন্দা করা হয়েছিল।

নেইমার আবারও একটি ইনস্টাগ্রাম পোস্টে লাইক দিলেন। সেটিও পিএসজি ও এমবাপ্পের সমালোচনা সংক্রান্ত আরেকটি পোস্টে। আর তাতেই নেটদুনিয়ায় আবার উঠেছে ঝড়। ব্রাজিলের ডিজিটাল ক্রিয়েটর ওয়েবসাইট জোগাদা এনসাইয়াদা’র পিএসজি সংক্রান্ত যে পোস্টটিতে নেইমারের লাইক নিয়ে তুলকালাম তার মূল ভাষ্য অনেকটা এমন- ‘কীভাবে একটি ফুটবল ক্লাব চালাতে হয়, পিএসজি এর উদাহরণ। তারা বিশ্বের সেরা খেলোয়াড়দের একত্র করতে পেরেছে। যখনই দল ভালো খেলতে শুরু করে, নির্দিষ্ট একজন ফরাসির অহম পরিবেশ বিষিয়ে তোলে। এমবাপ্পে নিজেকে আলাদা অনুভব করতে থাকে। দলের বেশির ভাগ খেলোয়াড়ই স্প্যানিশ ভাষায় কথা বলত এবং সে (এমবাপ্পে) ক্লাব ছাড়ার হুমকি দেয়।’

আলোচিত সেই পোস্টটি

মেসি ও নেইমারের পিএসজি ছাড়ার বিষয়টিকে পোস্টে ব্যাখ্যা করা হয় এভাবে, ‘নিজেদের সবচেয়ে মূল্যবান রত্ন হারানো এড়াতে এমবাপ্পের ঘনিষ্ঠ নয়, এমন খেলোয়াড় বিক্রি শুরু করে পিএসজি। সে যা কিছু চেয়েছিল, ক্লাব তার সবটুকু করার পর এমবাপ্পে পিএসজিকে বলে দিল যে মৌসুম শেষে চলে যাবে।’

নেইমার পিএসজিতে সুখী ছিলেন না তা ক্লাবটিতে থাকাবস্থাতেই অনেকবার প্রকাশিত হয়েছে। এমবাপ্পের সঙ্গে দ্বন্দের বিষয়টিও ছিল ওপেন সিক্রেট। তবে পিএসজি ছাড়ার এতদিন পরেও ব্রাজিলিয়ান তারকা যে সেই ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন তা আবারও প্রমাণিত হলো সমালোচনামূলক এ পোস্টে লাইক কাণ্ডের মধ্য দিয়ে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত