ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নবনির্মিত ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫ ফুট উচ্চতার ম্যুরাল ‘পিতা’ এবং তৎসংলগ্ন ‘মুজিব মঞ্চ’ উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমান। আজ মঙ্গলবার বিকেল ৫ টায় তিনি ম্যুরাল ও মুজিব মঞ্চ উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু এমনই এক কালজয়ী মহাপুরুষ, এমনই এক দিগন্ত ভেদী রক্তিম সূর্য, হাজারও মেঘলা আকাশ তাকে আড়াল করতে পারবে না। কোনো কিছুর বিনিময়েই বঙ্গবন্ধুর ঋণ বাঙালি জাতি কোনোদিনই শোধ করতে পারবে না। তিনি বলেন, শুধু ম্যুরাল নির্মাণ নয়, বঙ্গবন্ধু ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা আমরা পূরণ করব। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু একটি উজ্জ্বল নক্ষত্রের নাম, চাইলেই তাকে মুছে ফেলা যাবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফরিদপুর-৩ আসনের সাংসদ একে আজাদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য ঝর্ণা হাসান, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, ফরিদপুর জেলা আওয়ামীলীগ সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
