রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর রেশ না কাটতেই এবার মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে আরেক শিশুর মৃত্যু হয়েছে। আহনাফ তাহমিন আয়হাম (১০) নামের ওই শিশু মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। আহনাফের স্বজনদের অভিযোগ, ওই হাসপাতালের ডা. এস এম মুক্তাদিরের তত্ত্বাবধানে গত মঙ্গলবার রাতে আহনাফকে খতনা করাতে নিয়ে আসেন শিশু আহনাফেরর বাবা ফখরুল আলম ও মা খায়কুন নাহার চুমকি। লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে খতনা করার কথা থাকলেও ফুল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় আহনাফকে। যে কারণে তার জ্ঞান ফেরেনি।
এদিকে শিশু আহনাফের মৃত্যু হয়েছে যে, জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারে তার ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার লাইসেন্স থাকলেও হাসপাতাল পরিচালনার কোনো অনুমতি ছিল না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান দেশ রূপান্তরকে বলেন, এই প্রতিষ্ঠানের শুধু ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন থাকলেও হাসপাতাল পরিচালনার অনুমোদন ছিল না। আমরা তাদের সব কার্যক্রম বাতিল করেছি। ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ছিল, তা বাতিল করার প্রক্রিয়া শুরু করেছি। অনুমোদন না নিয়ে মেডিকেল সেবা পরিচালনার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আহনাফের মৃত্যুর কারণ কী ছিল এমন এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই পরিচালক বলেন, আমরা ওই প্রতিষ্ঠানে গিয়ে কাউকে পাইনি, ফলে শিশুটির মৃত্যুর কারণ এখনও জানতে পারিনি। শিশুটির পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, খতনা করার সময় শিশুটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে, তারপর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
