বাবা-মায়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল কন্যার 

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৮ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে মেয়েকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে বাবা বুলু মন্ডলের  বিরুদ্ধে। মেয়েকে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই মেয়ের নাম ইয়াসমিন আক্তার বৃষ্টি (১৪)। তাদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার শিবপুর কানিপাড়া গ্রামে।

এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুলু মন্ডল দীর্ঘদিন আগে স্ত্রী সুমা বেগম ও মেয়ে বৃষ্টিকে নিয়ে গাইবান্ধা জেলা থেকে জীবিকার খোঁজে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। পরে উপজেলার হরিণহাটি এলাকায় তার শশুর চাঁন মিয়ার বাড়িতে থাকেন। নিহত বৃষ্টির বাব-মা রোজ বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করেন। বুধবারও বাবা-মা ঝগড়া করতে থাকলে বৃষ্টি তা থামানোর চেষ্টা করে। এ সময় মেয়ের ওপর ক্ষিপ্ত হয়ে বাবা বুলু মন্ডল ঘরের দরজা বন্ধ করে মেয়ের গলায় ছুরি চালায়। এতে বৃষ্টির চিৎকার শুনে তার মামা ইমরান বন্ধ ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে । 

এ সময় তিনি বৃষ্টির গলায় ও তার বাবার পেটে ছুরিকাঘাত অবস্থায় দেখতে পান। পরে গুরুতর আহত অবস্থায় বাবা ও মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তাদের স্বজন ও এলাকাবাসী। সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃষ্টিকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত অবস্থায়  বুলু মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান পিপিএম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েকে জবাই করে হত্যার পর তার বাবা বুলু মন্ডল (৪০) নিজেই আত্মহত্যার চেষ্টা করেন। তিনি শিবপুর কানিপাড়া এলাকার মোকলেস মন্ডলের ছেলে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত