যেকোনো বড় টুর্নামেন্টের আগে প্রস্তুতির অংশ হিসেবে একটা সিরিজ খেলে বাংলাদেশ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও নিউজিল্যান্ডে গিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলেছিলেন সাকিব আল হাসানরা। এবারের সীমিত ওভারের ক্রিকেট বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র ও উইন্ডিজে। তার আগে প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে আজ এই তথ্য নিশ্চিত করেছেন।
আগামী জুনে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্টে। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের চার ম্যাচের প্রথম দুটি হবে যুক্তরাষ্ট্রে।
ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ নিয়মিতই খেলে থাকে। যুক্তরাষ্ট্রে খেলার অভিজ্ঞতা বলতে আছে ২০১৮ সালে ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই তাই একটু আগেভাগে সেখানে গিয়ে সিরিজ খেলার ভাবনা ক্রিকেট পরিচালনা বিভাগের।
ঢাকায় একটি অনুষ্ঠানে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জানালেন, প্রস্তুতির ঘাটতি তারা এবারও রাখবেন না, ‘প্রস্তুতির ঘাটতি গতবারও ছিল না। কোচ না থাকলেও ধারাবাহিকতা তো ছিল। আমাদের প্রস্তুতির ধারাবাহিকতা ছিল। কোচ না থাকলে কী হবে! প্রস্তুতির ঘাটতি ছিল না। আমরা খারাপ করেছি মানে এই নয় যে কোচ কম সময় পেয়েছে বলেই পারফরম্যান্স খারাপ হয়েছে। এটা কারণ নয়।’
তিনি যোগ করেছেন, ‘সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা যেভাবে যাচ্ছি, সামনে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি খেলব। এখন তো বিপিএল চলছে। এরপর আমরা পরিকল্পনা করছি, যুক্তরাষ্ট্র দলের সঙ্গে আমরা সেখানে ৩টি ম্যাচের সিরিজ খেলব। এটাও আমাদের অনুশীলন ও প্রস্তুতির মধ্যেই পড়ে।’
বিপিএল শেষ হওয়ার দুই দিন পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর লঙ্কানদের সঙ্গে ওয়ানডে ও টেস্ট সিরিজ শেষে আগামী মাসের শেষ দিকে হবে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচর টি-টোয়েন্টি সিরিজ, যেটি শেষ হবে মে মাসের শুরুতে। এরপর মে মাসের শেষ দিকে হতে পারে যুক্তরাষ্টের বিপক্ষে ওই সিরিজ।
