কলকাতার জনপ্রিয় অনুষ্ঠান দিদি নম্বর ওয়ানে এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি এই পর্বের শুটিং শেষ করেছেন। এবার প্রকাশ্যে এল সেই পর্বের প্রমো। সেখানে তাকে ধামসা মাদল বাজাতে দেখা গেল। বাদ দিলেন না নাচ করতেও।
প্রমোর শুরুতে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে, এই প্রথমবার দিদি নম্বর ওয়ানের অনুষ্ঠানে আসছেন বাংলার দিদি নম্বর ওয়ান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিতে গেলে মমতা সেটা রচনার হাত দিয়ে নিয়ে অভিনেত্রীকেই উল্টে পরিয়ে দেন। বলেন, এটা তোমাকেই শোভা পায়। তুমিই আসলে দিদি নম্বর ওয়ান।
রচনাকে প্রণাম করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এরপর সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তথা বিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত ধরে নাচতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। মঞ্চে ছিলেন আদিবাসী শিল্পীরাও।
