খালের ওপর ভবন নির্মাণ গুঁড়িয়ে দিল ডিএনসিসি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৮ এএম

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার লাউতলা খালের পাড়ে নির্মাণাধীন ১০ তলা একটি ভবনের অবৈধ অংশ গুঁড়িয়ে দিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল শুক্রবার সকালে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে ভবনটির অবৈধ অংশ ভাঙার কাজ শুরু হয়। ভবনটির ৭০ ভাগই খালের জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছিল।

অভিযানকালে খালের জায়গা দখল করে নির্মাণ করায় আরও দুটি স্থাপনাও ভেঙে ফেলা হয়েছে। এর মধ্যে একটি একতলা পাকা স্থাপনা, অন্যটি একতলা আধাপাকা স্থাপনা।

ডিএনসিসির জনসংযোগ শাখা জানায়, বেলা ১১টার দিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়। প্রথমে খালের মোহনার জায়গা দখল করে বানানো একটি আধাপাকা ও একটি পাকা স্থাপনা ভাঙা হয়। এরপর শুরু হয় খালের পাড়ে নির্মাণাধীন ১০ তলা ভবন ভাঙার কাজ।

ডিএনসিসির সম্পত্তি বিভাগের কর্মকর্তারা বলেন, নির্মাণাধীন ভবনটির ৭০ ভাগই খালের জায়গার ওপর বানানো হয়েছে। উচ্ছেদ অভিযানের পাশাপাশি বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী ও ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের খাল পরিষ্কারের কাজ চলতে থাকবে বলে জানানো হয়।

ডিএনসিসির জনসংযোগ শাখা জানায়, এর আগে সকাল ১০টার দিকে রামচন্দ্রপুর ও লাউতলা খাল পরিষ্কারের কাজ শুরু করে ডিএনসিসি। স্বেচ্ছাসেবীদের উৎসাহ দিতে মেয়র আতিকুল ইসলাম নিজে খালে নেমে ময়লা পরিষ্কারের কাজ করেন। অভিযান শুরুর আগে বসিলার পুলিশ লাইন মাঠে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীদের শপথবাক্য পাঠ করান। ডিএনসিসি মেয়র জনগণকে সঙ্গে নিয়ে মৃত এই খালকে আবার জীবিত করার আশাবাদ ব্যক্ত করে বলেন, কোনো দখলদারকে নোটিস দেওয়া হবে না। খালের ১০০ ফুটের মধ্যে যা যা পড়বে, সব ভেঙে ফেলা হবে। অবৈধ স্থাপনা ভাঙা না হলে দেখাদেখি আরেকজন খাল দখল করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত