এক ক্যালেন্ডার ইয়ারে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে সব থেকে বেশি ছক্কা মারার নজির ছিল বিরেন্দ্র শেবাগের দখলে। ২০০৮ সালে শেবাগ টেস্টে ২২ ছক্কা মেরেছিলেন ২৭ ইনিংসে।
আজ রাঁচিতে ২০২৪ সালে টেস্টে ২৩তম ছক্কা মারলেন জয়সওয়াল। চলতি বছরের ৫৫ দিনেই শেবাগের সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ড ভেঙে দিলেন তরুণ এই ব্যাটার।
জয়সওয়াল শেবাগের রেকর্ড ভাঙলেন পাঁচ টেস্টের নবম ইনিংসে। রাঁচি টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারত প্রথম ইনিংসে তুলেছে ৭ উইকেটে ২১৯ রান। জয়সওয়াল ৭৩ রান করে আউট হন। ইনিংসে একটি ছক্কাই মারেন তিনি।
এই বছর এখনও ৩১১ দিন বাকি। তাই ভারতীয়দের হয়ে এক বছরে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড আরও বাড়িয়ে নেবেন জয়সওয়াল তা বলাই যায়।
ঋষভ পান্ত ২০২২ সালে টেস্ট ক্রিকেটে ২১টি ছক্কা মেরেছিলেন। তিনি নেমে গেছেন তালিকার তিন নম্বরে। চতুর্থ স্থানে রোহিত শর্মা (২০১৯ সালে ২০ ছক্কা)।
