গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই শিক্ষককে আটক করা হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা শহরের অবস্থিত ‘বিদ্যাকোষ স্কুল’ নামের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া। তিনি মোবাইলে জানান, রবিবার গোবিন্দগঞ্জেও মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় গনিত বিষয়ে পরীক্ষা চলছিল। বিদ্যাকোষ স্কুল নামের বিদ্যালয়ে একটি চক্র গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে - এমন খবর পেয়ে তাৎক্ষণিক ওই বিদ্যালয়ে অভিযান চালিয়ে শামিম ইসলাম (২২ ) ও লিখন মিয়া (২১) নামের দুজনকে আটক করা হয়। তাদের কাছে স্মার্টফোন ও ডিভাইস পাওয়া যায়। স্মার্টফোনের মাধ্যমে গণিতের উত্তরপত্রের সমাধানগুলো শিক্ষার্থীদের সরবরাহ করছিলেন তারা। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের জন্য থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় চক্রের সঙ্গে জড়িতদের আটকের জন্য অনুসন্ধান চলছে।
অভিযোগ আছে, কয়েকবছর আগে প্রথমে ‘ক্লাইম্যাক্স’ নামে স্কুল চালু হয়। কিছুদিন পর নাম পরিবর্তন করে ‘বিদ্যাকোষ স্কুল’ করা হয়। প্রশ্নপত্র ফাঁস ও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের কাছে মোটা অংকের টাকা নিতেন ওই বিদ্যালয়ের শিক্ষকরা।
