ছাত্র ইউনিয়নের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে জাবিতে বিক্ষোভ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪২ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি মুছে ধর্ষণ ও নিপীড়নবিরোধী গ্রাফিতি আঁকার জেরে ছাত্র ইউনিয়নের দুই নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের সামনে থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি মূল সড়ক দিয়ে পূরনো প্রশাসনিক ভবনের সামনে দিয়ে পরিবহন চত্ত্বরে গিয়ে শেষ হয়। পর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, ‘বহিষ্কার মামলার হুলিয়া, নিতে হবে তুলিয়া’, ‘মামলাবাজি যেখানে, লড়াই হবে সেখানে’, ‘অমর্ত্যর বিরুদ্ধে মামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘ঋদ্ধর বিরুদ্ধে মামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে’, ‘হয়রানিমূলক মামলা তুলে নাও নিতে হবে’, ‘অবিলম্বে মিথ্যা মামলা, তুলে নাও নিতে হবে’, ‘অবিলম্বে বহিষ্কার, তুলে নাও নিতে হবে’, ‘মামলাভিসির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘একই বৃন্তে দুটি ফুল, ফারজানা আর নুরুল’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

মিছিল পরবর্তী সমাবেশে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নূর এ তামিম স্রোতের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের একাংশের সহসভাপতি আশফার রহমান নবীন। তিনি বলেন,‘আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দিনে দিনে কিভাবে ক্ষমতাসীন দলের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। মত প্রকাশ স্বাধীনভাবে না করতে পারলে, স্বাধীনভাবে ছবি আঁকাতে না পারলে গণতান্ত্রিক চর্চা হুমকির মুখে পড়ে। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ধর্ষণকাণ্ডের পর ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ যখন আন্দোলন করছে তখন একটা মহল ষড়যন্ত্র করে দুইজন শিক্ষার্থী যারা সবসময় দুর্নীতি অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে মামলা করে দেয়, বহিষ্কার করে দেয়। বারবার জিজ্ঞাসা করার পরেও তারা বলতে পারছে না কোন ধারা মেনে বহিষ্কার করা হয়েছে। প্রশাসন কোনোভাবেই মামলার বিষয়টি খোলাসা করছে না। কোনো নথি দিচ্ছে না।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি নতুন কলা ভবনের পশ্চিম পাশে মুরাদ চত্বর সংলগ্ন দেয়ালে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক একটি দেয়ালচিত্র মুছে ধর্ষণ বিরোধী আন্দোলনকারীদের একটি অংশ (ছাত্র ইউনিয়নের একাংশ) নতুন দেয়ালচিত্র অঙ্কন করেন। সেখানে ছাত্র ইউনিয়ন ব্যানারে ‘ধর্ষণ ও স্বৈরাচার থেকে আজাদী’ শীর্ষক একটি বাক্য জুড়ে দেওয়া হয়। বঙ্গবন্ধুর দেয়ালচিত্র মুছে ধর্ষণবিরোধী দেয়ালচিত্র আঁকায় গত মঙ্গলবার এক সিন্ডিকেট সভায় ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের একাংশের সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীকে এক বছরের জন্য বহিষ্কার ও তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃক রাষ্ট্রীয় আইনে মামলা করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত