এশিয়া কাপ স্টেজ-১ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আরচারিতে বাংলাদেশের প্রাপ্তি দুই রৌপ্য ও দুই ব্রোঞ্জ। রিকার্ভ পুরুষ দলগত ও মিশ্র বিভাগে ভারতের বিপক্ষে হেরে রৌপ্য পায় বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র দলগতের পর রিকার্ভ নারী দলগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। চারটি দলীয় পদক আসলেও ব্যক্তিগত পদক তালিকা শূন্য।
ইরাকের বাগদাদে এই প্রতিযোগিতায় রবিবার রিকার্ভ পুরুষ দলগত বিভাগে ভারতের বিপক্ষে ৬-২ সেট পয়েন্টে হারে আব্দুর রহমান আলিফ, সাগর ও হাকিম আহমেদ রুবেলে গড়া বাংলাদেশ দল। শুরুটা ভালো হলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫৫-৫৪ পয়েন্ট প্রথম সেটে জিতে তারা। কিন্তু পরের টানা তিন সেটে ৫৫-৪৯, ৫৭-৫৩ ও ৫৬-৫৩ ব্যবধানে হেরে যান রুবেল, সাগররা।
রিকার্ভ মিশ্র দলগত বিভাগের ফাইনালে সাগর-দিয়া জুটি পাত্তাই পায়নি ভারতের জুটির কাছে। উড়ে যান ৬-০ সেটে। রিকার্ভ মহিলা দলগত বিভাগে ব্রোঞ্জের লড়াইয়ে দিয়া, সীমা আক্তার ও ফাহমিদা সুলতানা নিশাকে নিয়ে গড়া বাংলাদেশ দল স্বাগতিক ইরাককে উড়িয়ে দিয়েছে ৬-০ সেট পয়েন্টে।
শনিবার কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগে তপু রায় ও মেঘলা রানীর জুটি পেয়েছিল প্রথম ব্রোঞ্জটি। আজ রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের আব্দুল হাকিম রুবেল উজবেকিস্তকানের সাদিকভ আমিরখানের সঙ্গে হেরে পদক বঞ্চিত হন।
