কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যকে গতিরোধ করে কুপিয়ে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের সোনালী বাজার সংলগ্ন স্লুইচ গেটের পাশে এ ঘটনা ঘটে।
আহতের নাম মো. শাহেদুল ইসলাম (৫০)। তিনি মগনামার ৮নং ওয়ার্ডের দুই বারের ইউপি সদস্য ও কালার পাড়া এলাকার মৃত হামিদ উল্লাহর ছেলে। তিনি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শাহেদুল ইসলাম বলেন, সকালে কক্সবাজারে যাওয়ার জন্য বের হই। অটোরিকশায় পেকুয়ায় যাওয়ার পথে সোনালী বাজারের স্লুইচ গেটের সামনে পৌঁছালে দুটি টমটম গাড়ি থেকে নেমে মটকাভাঙ্গা এলাকার শওকত, কফিল উদ্দিন, আরফাত, রবি আলম, সাজ্জাদ, রেজাউল করিম ও রবেলের নেতৃত্বে একদল লোক গতিরোধ করে। এ সময় তারা অস্ত্র ঠেকিয়ে আমার হাতে থাকা শপিংব্যাগ ধরে টানাটানি শুরু করে। এক পর্যায়ে আমাকে আঘাত করে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। সিএনজি চালককেও মারধর করে। পরে পথচারীরা এগিয়ে এলে তারা গাড়ি নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, শপিংব্যাগে দুই লাখ ৬০ হাজার টাকা ছিল। ওই টাকা কক্সবাজার বায়তুশ শরফের মহাপরিচালক সিরাজুল ইসলামের টাকা। আমি কয়েক বছর ধরে বায়তুশ শরফের লবণ মাঠের দেখভাল করে আসছি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, মগনামার সাবেক ইউপি সদস্যকে মারধরের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
