গাজীপুরের কালিয়াকৈরে ঘুষ গ্রহণের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় শাহবাজপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী ভূমি কর্মকর্তা ঘুষ নিচ্ছেন। এ ঘটনার জের ধরে ওই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
অভিযুক্ত ওই ভূমি কর্মকর্তা হলেন, কালিয়াকৈর উপজেলার শাহবাজপুর ভূমি অফিসের আওতাধীন ঢালজোড়া ও আটাবহ ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারী ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন।
এলাকাবাসী জানান, গিয়াস উদ্দিন খাজনা-খারিজ দেওয়ার নামে নানাভাবে ঘুষ নিয়ে আসছেন। এ নিয়ে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর মধ্যে আজ সোমবার সকালের দিকে গোপনে ধারণ করা ওই কর্মকর্তার ঘুষ লেনদেনের একটি ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত ভূমি কর্মকর্তা গিয়াস উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) হাসিনা আক্তার বলেন, আমরা এরই মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছি এবং তাকে কর্মস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে।
