মসজিদে নামাজের সময় ভয়াবহ হামলা, নিহত অনেক

  • স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, মেশিনসহ শত শত দুর্বৃত্তরা মোটরবাইকে এসে মসজিদে ভয়াবহ আক্রমণ শুরু করে
  • স্থানীয় এক বাসিন্দা বলেন, নিহতদের বেশিরভাগই পুরুষ এবং সবাই নামাজ পড়ছিল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৫ এএম

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি মসজিদে নামাজের সময় ভয়াবহ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে করে কয়ক ডজন মুসল্লি নিহত ও প্রচুর আহতের ঘটনা ঘটেছে।

দেশটির নাতিয়াবোয়ানি শহরে ফজরের নামাজে চলাকালীন এ হামলা করা হয় বলে জানিয়েছে বুরকিনা ফাসোর কর্তৃপক্ষ।

এদিকে একই দিনে দেশটির একটি ক্যাথলিক গির্জায় হামলার ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ফজরের নামাজের সময় বন্দুকধারীরা আফ্রিকার এই দেশটির নাতিয়াবোয়ানি শহরের ওই মসজিদটি ঘিরে ফেলে বলে জানায় বুরকিনা ফাসোর কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, মেশিনগান নিয়ে শত শত দুর্বৃত্তরা মোটরবাইকে এসে মসজিদে ভয়াবহ আক্রমণ শুরু করে। মসজিদে হামলায় নিহতের সংখ্যা কর্মকর্তাদের হিসেব অনুযায়ী সংখ্যার তুলনায় অনেক বেশি হতে পারে বলছে স্থানীয় গণমাধ্যমগুলো।

স্থানীয় এক বাসিন্দা বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘নিহতদের বেশিরভাগই পুরুষ এবং সবাই নামাজ পড়ছিল‘।

বিবিসি বলছে, বুনকিনা ফাসোর নাতিয়াবোয়ানি শহরটি দেশটির অশান্ত পূর্বাঞ্চলে অবস্থিত এবং এই অঞ্চলে একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে।

বুরকিনা ফাসোর এক তৃতীয়াংশেরও বেশি এলাকা বর্তমানে ইসলামপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীরা ইসলামপন্থী যোদ্ধা বলে সন্দেহ করা হচ্ছে। তারা একই দিনে স্থানীয়ভাবে অবস্থানরত সৈন্য এবং মিলিশিয়াকেও লক্ষ্য করে হামলা চালায়।

গত তিন বছরে দেশটির মসজিদ ও গির্জাগুলোকে বারবারই লক্ষ্যবস্তু করা হয়েছে এবং বহু মানুষকে হত্যা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত