বিপিএল শেষে নাজমুল হোসেন শান্তদের পাশাপাশি নিগার সুলতানা জ্যোতিদেরও আছে ব্যস্ত সূচি। টুর্নামেন্টের পর মার্চ-এপ্রিল মাসেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দেশের মেয়েরা। সিরিজের সূচি এখনো চূড়ান্ত না হলেও দল ঘোষণা করে দিয়েছে অসিরা।
প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এর আগে মাত্র একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি নারী দল, সেটি ছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১০ বছর পর আবার ঢাকার মাঠে দেখা যাবে অ্যালিসা হিলিদের।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে পূর্ণ শক্তির দলই নিয়ে আসছে অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলির নেতৃত্বে দলে আসবেন তাহলিয়া ম্যাকগ্রা, ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, এলিস পেরিদের সবাই। ঘোষিত দল দেখেই অনুমেয়, টাইগ্রেসদের জন্য নিশ্চিতভাবেই চ্যালেঞ্জিং এক সিরিজ হতে চলেছে।
মূলত সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বৈশ্বিক আসরের প্রস্তুতি নিতেই অসি নারীদের এই সফর।
ক্রিকেট অস্ট্রেলিয়ার হেড অব পারফরম্যান্স ফর উইমেন্স অ্যান্ড ন্যাশনাল সিলেক্টর শন ফ্লেগলার বলেন, 'সেপ্টেম্বরে বাংলাদেশে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায়, এই সফরটি আমাদের খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জনের এবং বছরের শেষের দিকে আমরা যে পরিস্থিতি এবং উইকেটের মুখোমুখি হতে পারি তার সাথে পরিচিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ প্রদান করবে।'
অস্ট্রেলিয়া দল
অ্যালিসা হিলি (অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, টায়লা ভ্লাইমিঙ্ক।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ
২১ মার্চ ১ম ওয়ানডে সকাল সাড়ে ৯টা মিরপুর
২৪ মার্চ ২য় ওয়ানডে সকাল সাড়ে ৯টা মিরপুর
২৭ মার্চ ৩য় ওয়ানডে সকাল সাড়ে ৯টা মিরপুর
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ
৩১ মার্চ ১ম টি-টোয়েন্টি বেলা ১২টা মিরপুর
০২ এপ্রিল ২য় টি-টোয়েন্টি বেলা ১২টা মিরপুর
০৪ এপ্রিল ৩য় টি-টোয়েন্টি বেলা ১২টা মিরপুর