পিপিএম পদক পেয়ে বাচ্চু মিয়া বললেন, আর কিছু চাওয়ার নেই

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৭ পিএম

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. বাচ্চু মিয়া রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সম্মানে ভূষিত হয়েছেন। মো. বাচ্চু মিয়াসহ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পদক পেয়েছেন ডিএমপির ২৯ জন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে এবারের পুলিশ সপ্তাহের প্রথম দিন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে সর্বাধিক সংখ্যক ৪০০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রাষ্ট্রপতির পুলিশ পদক সম্মানে ভূষিত হওয়ার পর পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সেবার জন্যই সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হয়েছি। আর কয়েকটা মাস চাকরি আছে। সেবা করেই যেতে চাই ও অবসরের সময়ও মানুষের কল্যাণে কাজ করব। সর্বোচ্চ পিপিএম পদকে ভূষিত হয়ে জীবনে আর চাওয়া-পাওয়ার কিছু নেই বলেও জানান তিনি।

বাচ্চু মিয়ার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মামুননগর ইউনিয়নের বাড়ি এলাকায়। ছয় ভাই-বোনের মধ্যে তিনি চতুর্থ। ১৯৮৪ সালে কনস্টেবল হিসেবে  পুলিশে যোগ দেন। শুরুতে রাজারবাগ পরিবহন, দুই নম্বর কোম্পানির টুআইসি ও ডিএমপির বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেন।

২০১৩ সালে ঢামেকে পুলিশ ফাঁড়িতে কিছু দিন দায়িত্ব পালনের পর একই বছর শান্তি রক্ষা মিশনে যান আফ্রিকার সুদানে। সেখানে ১ বছর ২২ দিন পার করে দেশে ফিরে যোগ দেন রাজারবাগ পুলিশ লাইনসে। ২০১৬ সালে দায়িত্ব পান ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির। ২০২৪ সালের অক্টোবরে অবসরে যাওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত