৮ মাসের মধ্যে সর্বোচ্চ ৮৩ করোনা রোগী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৩ এএম

দেশে গত আট মাসের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ১ হাজার ৩২৭টি নমুনা পরীক্ষা করে ৮৩ জন করোনা রোগী পাওয়া গেছে। এর আগে এক দিনে এরচেয়ে বেশি রোগী শনাক্তের রেকর্ড ছিল গত বছরের ৪ জুলাই, ৮৬ জন। সেদিন রোগী শনাক্ত হার ছিল ৪ শতাংশ ও কেউ মারা যায়নি।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা অনুপাতে রোগী শনাক্তের হার ছিল ৬ দশমিক ২৫ শতাংশ। এটি গত ১৫ দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত হার। এর আগে এরচেয়ে কম শনাক্ত হার ছিল গত ১২ ফেব্রুয়ারি ৫ দশমিক ৩০ শতাংশ। সেদিন ৬৮ জন রোগী শনাক্ত হয়েছিল ও মৃত্যু ছিল একজনের।

এ মাসের সর্বোচ্চ শনাক্ত হার ছিল ২৩ ফেব্রুয়ারি, ১১ দশমিক ৪২ শতাংশ। সেদিন ৩৩ জন রোগী শনাক্ত হয়েছিল ও মারা যায় একজন।

হাসপাতালে ভর্তি ১৯ ডেঙ্গু রোগী : গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। নতুন রোগীদের মধ্যে আটজন ঢাকায় ও বাকি ১১ জন ঢাকার বাইরে ভর্তি হয়েছে। এসব রোগীদের ১৩ জন পুরুষ ও ছয়জন নারী।

এ নিয়ে এ বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৭৫ জন। তাদের মধ্যে ৮৬৯ জন পুরুষ, যা মোট রোগীর ৬৩ শতাংশ এবং ৫০৬ জন বা ৩৭ শতাংশ রোগী নারী।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৭ জন। তাদের মধ্যে ৫৯ শতাংশ বা ১০ জন নারী ও ৪১ শতাংশ বা সাতজন পুরুষ।

এ বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৫৫ জন ও মারা যায় ১৪ জন। এ মাসের গত ২৭ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৩২০ জন ও মারা গেছে তিনজন।

২০০০ সাল থেকে ডেঙ্গুর তথ্য সংরক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত