রমজানে নতুন অফিস সময় সূচি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৬ পিএম

আসন্ন পবিত্র রমজান মাসের জন্য নতুন অফিস সময় সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন অফিস সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হবে। চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ মাঝে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।

সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন এই সময় সূচি নির্ধারণ করেছে সরকার।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে নতুন অফিস সময়সূচি নির্ধারণ করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন রমজান মাসে নতুন অফিস সময় সূচি জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।

ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

এ ছাড়া সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত