ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলার অন্যতম আসামি সুথেন্দ্ররাজা সান্তান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ছিলেন শ্রীলঙ্কার নাগরিক। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে চেন্নাইয়ের রাজীব গান্ধী সরকারি মেডিকেল কলেজে মারা যান সান্তান। লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাজীব গান্ধী হত্যা মামলায় অভিযুক্ত হলেও ২০২২ সালে ভারতীয় সুপ্রিম কোর্ট মুক্তি দেয় সান্তানকে। তিনি চেন্নাইয়ের ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ডিন ভি. থেরানিরাজন।
তিনি বলেন, ভোর ৪টার দিকে হার্ট অ্যাটাক হয় সান্তানের। সিপিআরের মাধ্যমে একটু সুস্থ হলেও ৭টা ৫০ মিনিটে মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ শ্রীলঙ্কায় পাঠানো হবে।
১৯৯১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আত্মঘাতী হামলায় মারা যান। সেই হামলা চালায় টাইগারস অব তামিল ইলাম। সিবিআইয়ের দাবি, সেই সংগঠনেরই সদস্য ছিলেন সান্তান। ১৯৯৯ সালে সুপ্রিম কোর্ট রাজীব গান্ধী হত্যা মামলায় যে তিনজনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল, তার মধ্যে ছিলেন সান্তান। বাকিরা হলেন মুরুগান ও পেরারিভালান। পরে তিনজনই অব্যাহতি পেয়ে যান ২০২২ সালে নভেম্বর মাসে।
রাজীব গান্ধী হত্যায় জড়িত থাকার অভিযোগে ২০ বছর জেল খাটেন সান্তান। তিনি মুক্তি পাওয়া অন্য অভিযুক্তের সঙ্গে ভারতের ত্রিচি’তে স্পেশাল ক্যাম্পে অবস্থান করছিলেন। বিদেশি নাগরিকদের রাখার রীতি মেনেই তাকে ওই ক্যাম্পে রাখা হয়েছিল। যদিও সম্প্রতি তামিলনাড়ু সরকার মাদ্রাজ হাইকোর্টে জানিয়েছিল, শ্রীলঙ্কার সরকার সান্তানকে দেশে ফেরার জন্য ট্রাভেল ডকুমেন্ট দিতে চেয়েছে।
ভুল গাড়িতে উঠে অপহৃত নারী, জেগে দেখেন বিবস্ত্র