ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রুশমিনা নামে ৩ বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। সে আশ্রয়ণ প্রকল্পের ৮১ নম্বর ক্লাস্টারের আবদুস শুক্কুরের মেয়ে। এ ঘটনায় দগ্ধ পাঁচ শিশুর মধ্যে কেউ আর বেঁচে রইল না।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান।
গত বুধবার ভোরে মারা যায় সোহেল (০৫) নামে এক শিশু। এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় নোয়াখালীর ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ শিশুসহ সাতজনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাসেল নামে তিন বছর বয়সী এক শিশুকে মৃত ঘোষণা করেছিলেন। এছাড়া গত সোমবার ভোরে মোবাশ্বেরা ও সন্ধ্যায় রবি আলম নামে আরও দুই শিশু মারা যায়।
