সাংবাদিক সাইফুলের বিরুদ্ধে মামলার প্রতিবাদ

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৩:২৪ এএম

দৈনিক আজকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইফুল ইসলামের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করায় নিন্দা জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। মিরপুর বিআরটিএর হিসাবরক্ষক খান মোহাম্মদ রুহুল আমিনের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পর মামলাটি করা হয়েছে।

গত বছর ৩ সেপ্টেম্বর আজকালের খবরে ‘মিরপুর বিআরটিএর হিসাবরক্ষক খান মোহাম্মদ রুহুল আমিন শতকোটি টাকার মালিক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে ৩ ডিসেম্বর এ সংবাদের প্রতিবাদও ছাপা হয়। তারপরও খান মোহাম্মদ রুহুল আমিন ঢাকা মহানগর নিম্ন আদালতে একটি মানহানি মামলা করেন। এ ছাড়া প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে বনানী থানা পুলিশ নোটিস দিয়ে সাইফুল ইসলাম, আজকালের খবরের সম্পাদক ফারুক আহমেদ তালুকদার ও প্রকাশক গোলাম মোস্তফাকে থানায় ডেকে নেয়।

এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব), রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক) ও নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম। গত বুধবার এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন সাইফুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা মামলা করে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নেতারা অবিলম্বে এ মামলা তুুলে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এ মামলার মাধ্যমে স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরাই অনুসন্ধানী সাংবাদিকদের কাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত