বেইলি রোডে আগুন

কানাডাফেরত বড় বোনের সঙ্গে ডিনারে গিয়েছিলেন প্রিয়তি

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৪:১৬ পিএম

বড় বোনের সাথে ডিনার করতে গিয়ে রাজধানীর বেইলি রোডের আগুনে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর গ্রামের জেরিন তাসনিম প্রিয়তির মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (০১ মার্চ) জুমার নামাজের পর প্রিয়তির জানাজা ও দাফন সম্পন্ন হয়। প্রিয়তি মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী। নিহত প্রিয়তি পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর গ্রামের অ্যাডভোকেট আওলাদ হোসেন খানের কন্যা।

এর আগে, বৃহস্পতিবার রাতে কানাডাফেরত বড় বোনের সঙ্গে ডিনার করতে বেইলি রোডের 'কাচ্চি ভাই' নামের রেস্তোরাঁয় যান। সেখানে আগুন লাগার পর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের দ্বিতীয় তলায় ওই রেস্তোরাঁ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। কিছু দেখা যাচ্ছিল না। প্রিয়তির সঙ্গে তিনজন বের হতে পারলেও তার হাত ছুটে যায়। পরে আর বের হতে পারেননি, আগুনে পুড়ে মারা যান তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, প্রিয়তির বড় বোন তাসনুভা খান সুহা সন্তান সায়বাসহ কানাডা থেকে বুধবার ঢাকায় আসনে। বোনের সঙ্গে দেখা করতে প্রিয়তি, বাবা অ্যাডভোকেট আওলাদ হোসেন খান, মা মেহেরুন্নেসা ও বড় ভাই সাজেদ হোসন পিয়াল ঢাকার ইস্কাটনে যান। পরে সুহা তার মেয়ে সায়বা ও বোন প্রিয়তিসহ মামি শাশুড়ির সঙ্গে বৃহস্পতিবার রাতে ডিনার করতে বেইলি রোডে যান 'কাচ্চি ভাই' রেস্তোরাঁয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত