দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দিলো ট্রাক, প্রাণ গেল বৃদ্ধার

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৯:৫৪ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারি চালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও তিনজন। 
শুক্রবার (১ মার্চ) রাত ১০ টার দিকে শিমরাইল মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে ফুটওভার ব্রিজ সংলগ্ন খানকায়ে জামে মসজিদের সামনে বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ওই বৃদ্ধার নাম হনুফা বেগম (৭৫)। আহতরা হলেন, অটোরিকশার চালক হেলাল ও গাড়িতে থাকা  শিশুসহ ১ নারী যাত্রী। নিহতের ঠিকানা জানা না গেলেও তার বাড়ি মুন্সিগঞ্জ জেলায় বলে জানা গেছে।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিক তাদের পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ ট্রাক ও চালক মোজাম্মেলকে (৩২) আটক করেছে।

হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ ট্রাফিক ইন্সপেক্টর একে. এম শরফুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক চালকের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত