মিয়ানমার সীমান্তে আগুন ও গুলির শব্দ, বিজিবির টহল জোরদার

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০১:১৪ পিএম

কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তের বিপরীতে মিয়ানমারের ভেতরে দাউদাউ করে আগুন জ্বলছে। এর সঙ্গে থেমে থেমে ভেসে আসছে গুলির শব্দ। তবে গতকাল শুক্রবারের তুলনায় গুলির শব্দ অনেকটাই কমেছে বলে জানিয়েছেন সীমান্তে বসবাসকারী লোকজনরা।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত মিয়ানমারের বলি বাজার ও কোয়ারবিলসহ আশপাশ থেকে থেমে থেমে বোমা ও মর্টার শেলের শব্দে এপার প্রকম্পিত হলেও দিনভর শান্ত ছিল। তবে শুক্রবার রাতে আবারও ওপার থেকে থেমে থেমে গুলির শব্দ ও মর্টারশেল বিস্ফোরণের আওয়াজ ভেসে আসে।

এছাড়া আজ শনিবার (২ মার্চ) বেলা ১১টার দিকে মিয়ানমারের ভেতরে আগুনের লেলিহান শিখা দেখেছে এপারের লোকজন।

এ বিষয়ে হ্নীলা ইউপি চেয়ারম্যানের ছোট ভাই তারেক মাহমুদ রনি বলেন, ২০১৭ সালের পর আজ আবারও মিয়ানমারে আগুন জ্বলতে দেখা গেল।

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, শুক্রবার দিনগত রাতে আমার ও পাশ্‌র্ববর্তী ইউনিয়নের বিপরীতে মিয়ানমারে থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে। তা আগের রাতের মতো প্রবল নয়।

বিজিবি ২ অধিনায়ক লে.কর্ণেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, আমরা সীমান্ত সুরক্ষায় টহল জোরদার করেছি।

টেকনাফ উপজেলা নির্বাহি কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, সীমান্তবাসীকে সর্তক থাকার আহ্বান জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত