ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে হবে, সে ক্ষেত্রে একজন শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক প্রয়োজন। সেই সুসম্পর্কই বদলে দিতে পারবে শিক্ষাব্যবস্থা।
তিনি গতকাল শনিবার সকাল ১০টায় বরিশালের উজিরপুর উপজেলার আলহাজ বিএন খান ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মেনন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। বিএন খান কলেজকে জেলার সেরা প্রতিষ্ঠানে পরিণত করতে শিক্ষকদের প্রতি আহ্বান এবং কলেজের উন্নয়নে সহায়তা করার ঘোষণা দেন তিনি।
উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল উজিরপুর পৌর সভার মেয়র গিয়াস উদ্দিন বেপারি প্রমুখ।
