নিজেকে ‘পরিপূর্ণ করে’ই জাতীয় দলে এসেছেন জাকের আলী

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৮:৫৮ পিএম

মিনহাজুল-হাবিবুলদের আগের নির্বাচক কমিটির শ্রীলঙ্কা সিরিজের জন্য দেওয়া বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ছিলেন না জাকের আলী। এই উইকেটকিপার-ব্যাটসম্যান সুযোগ না পাওয়ায় নির্বাচকদের বিবেচনাবোধ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিপিএলে জাকেরের দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেই জাকেরকে ১ মার্চ থেকে আনুষ্ঠানিক দায়িত্ব শুরু করা গাজী আশরাফ লিপুর নতুন নির্বাচক কমিটি শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। চোটে ছিটকে পড়া আলিস আল ইসলামের বদলি হিসেবে জাকেরকে দলে ডেকেছেন নির্বাচকরা।

জাতীয় দলে ডাক পাওয়ার পর আজ রোববার সিলেটে করেছেন অনুশীলন। তাসকিন আহমেদের নেতৃত্বে জাতীয় দলের সতীর্থরা তাকে ড্রেসিংরুমে গ্রহণ করে নেন। এর পর জাকের বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। সবার একটাই স্বপ্ন থাকে জাতীয় দলের ড্রেসিংরুমে প্রবেশ করা।’ 

জাতীয় দলের পেস আক্রমণের নেতা তাসকিন আহমেদ এ সময় জাকেরের হাতে তুলে দেন ‘দ্যা টাইগার্স কোড’ নামের বই। এ বইতে লেখা আছে বাংলাদেশ ক্রিকেটের সংস্কৃতি কেমন হবে, কিভাবে ক্রিকেটাররা একটি আদর্শ দল হয়ে খেলতে পারবেন। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে দলীয় বিশ্বস্ততাকে প্রাধান্য দেওয়াই টাইগার্স কোডের মূল কথা।

জাতীয় দলে খেলার ইচ্ছা কবে থেকে এমন প্রশ্নে জাকের বলেন, ‘ছোটবেলা থেকেই জাতীয় দলে খেলার ইচ্ছা ছিল। কিন্তু সবসময় চেয়েছি নিজেকে পরিপূর্ণ করেই জাতীয় দলে আসতে। বিপিএলে ভালো পারফরম্যান্সের কারণে সুযোগ হয়েছে। চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। শ্রীলঙ্কা সিরিজে দলের পরিকল্পনা অনুযায়ী খেলার লক্ষ্য থাকবে।’

নিজের আবেগ সমসময় নিয়ন্ত্রণে রাখতে চান জাকের, ‘অনূভুতি একদম স্বাভাবিক ছিলাম। কারণ আমি আগেও বলেছি যে ইমোশন কন্ট্রোল করে চলি সবকিছুতে। আমি একদম স্বাভাবিক ছিলাম। আসলে খুশি হওয়ার কোনো কিছু নেই, আমি সবসময় চিন্তা করি যে ভালো কিছু করতে হবে। খারাপ করলে একদম হতাশ হই না, ভালো করলে একদম খুশি হয়ে যাই না। স্বাভাবিক থাকার চেষ্টা করি। আবেগ ধরে রাখার চেষ্টা করি।’ 

এবারের বিপিএলে এই ফিনিশারের ভূমিকাতে ভালো করেই আরও বেশি আলোচনায় এসেছেন জাকের আলী। ফাইনালে ২৩ বলে ২০ রান হয়তো সে কথা বলছে না। তবে এর আগে বেশ কয়েকটি ম্যাচেই ভালো স্ট্রাইক রেটে রান করেছেন। ফাইনালসহ ১৪ ম্যাচের ১০ ইনিংসে ব্যাটিং করে ৯১.৫০ গড়ে করেছেন ১৯৯ রান। সর্বোচ্চ মাত্র ৪০। তবে যেখানে ব্যাটিং করেছেন, সেখানে রান সংখ্যার চেয়ে স্ট্রাইক রেটটাই বেশি গুরুত্বপূর্ণ। সেটি ১৪১ ছাড়ানো। ছক্কা মেরেছেন ১৪টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত