ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার দর্শনার সীমান্তবর্তী ছয়ঘড়িয়া গ্রাম থেকে ১১টি স্বর্ণেরবারসহ তাছলিমা খাতুন (২৫) নামের এক নারী চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। রবিবার (৩ মার্চ) দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
আটকৃত তাছলিমা খাতুন চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনার কামারপাড়া এলাকার রেজাউল করিমের মেয়ে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দর্শনা থানার অন্তর্গত ছয়ঘড়িয়া গ্রামের মধ্যে দিয়ে স্বর্ণ চোরাচালান হবে এমন সংবাদের ভিত্তিতে আজ রবিবার সকালে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনস্ত সুলতানপুর বিওপি কমান্ডারের নেতৃত্বে ছয়ঘড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেলা ১১টার দিকে ব্যাটারিচালিত একটি ইজিবাইকযোগে কয়েকজন যাত্রী ছয়ঘড়িয়া গ্রামের মধ্য দিয়ে সীমান্ত অভিমুখে যাওয়ার পথে বিজিবি সদস্যরা ইজিবাইক তল্লাশি করেন। তল্লাশি কার্যক্রম চলাকালে ইজিবাইকে অবস্থানরত তাছলিমা খাতুন নামের এক নারী সন্দেহজনক আচরণ করেন।
পরে ওই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার শরীরের কোমরের ভেতরে লুকায়িত অবস্থায় এক কেজি ৩২০ গ্রাম (১১৩.১৬ ভরি) ওজনের ১১টি স্বর্ণের বার বিজিবি সদস্যদের সামনে ফেলে দেয়।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, জব্দকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা। আটক নারী চোরাকারবারিকে দর্শনা থানায় হস্তান্তরসহ বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
