বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ডিমেনশিয়াতে নয়, অ্যামনেসিয়া বা স্মৃতিভ্রংশ রোগে ভুগছেন। তা না হলে জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা তাদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরছে এমন কথা বলতেন না।’ গতকাল রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।
সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল : চিকিৎসার জন্য আজ সোমবার সিঙ্গাপুর যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও যাবেন। চিকিৎসা শেষে আগামী ১৮ মার্চের দিকে তিনি দেশে ফিরতে পারেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দেশ রূপান্তরকে এ তথ্য জানান।
সর্বশেষ গত বছরের ২৪ আগস্ট চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গিয়েছিলেন ফখরুল। এক সপ্তাহ চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফেরেন তারা। সাড়ে তিন মাস কারাগারে থাাকার পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল। তবে কারাগারে থাকার সময় তার প্রায় ছয় কেজি ওজন কমে যায় বলে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান। এরপর শারীরিক চেকআপের জন্য ১৭ ফেব্রুয়ারি শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন মির্জা ফখরুল।
দেশে ফিরেছেন মেজর হাফিজ : এদিকে হাঁটুর অস্ত্রোপচার এবং পরবর্তী চিকিৎসা শেষে গতকাল রবিবার সকালে দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। রবিবার সকাল পৌনে ১০টায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লি থেকে তিনি দেশে ফেরেন।
ভারতীয় পণ্য বয়কটের আহ্বানে লিফলেট বিতরণ ১২ দলীয় জোটের : বাংলাদেশের নির্বাচনে ভারতের প্রভাব বিস্তার ও তাদের ইন্ধনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন ১২ দলীয় জোটের নেতারা। গতকাল রবিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে পলওয়েল মার্কেট ও সংলগ্ন এলাকায় ‘ভারতীয় পণ্য বর্জন ও আগ্রাসন প্রতিরোধে রুখে দাঁড়ান’ শীর্ষক লিফলেট বিতরণকালে জোটের শীর্ষ নেতারা এ কথা বলেন।
