মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কারিকুলামে বিশেষ ক্লাসের নামে শিক্ষার্থীদের কোচিং করানো বা কোচিংয়ে বাধ্য করানো হলে প্রতিষ্ঠানপ্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
গতকাল সোমবার অধিদপ্তর থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কারিকুলাম যথাযথভাবে বাস্তবায়ন সংক্রান্ত এক নির্দেশনায় একথা জানানো হয়। সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক এবং বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক স্তরের কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ ক্লাসের নামে শিক্ষার্থীদের কোচিং করানো হচ্ছে বা কোচিংয়ে বাধ্য করানো হচ্ছে।
এ ছাড়া কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কারিকুলাম বিস্তরণ ও মূল্যায়নের সুনির্দিষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও তা লঙ্ঘন করে সাপ্তাহিক বা মাসিক মূল্যায়নের নামে গতানুগতিক প্রশ্নপত্র প্রণয়ন করে পরীক্ষা নেওয়া হচ্ছে। এতে নতুন কারিকুলাম বাস্তবায়ন বিঘিœত হচ্ছে।
