বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বিভাগীয় শহর এবং জেলা ও উপজেলায় উদযাপন হয়েছে দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। গত সোমবার অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্টজনরা অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশ রূপান্তরকে শুভকামনা জানান। এ সময় বক্তারা বলেন, ‘স্বল্পসময়ে দেশ রূপান্তর পাঠকের কাছে তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানগুলোতে আরও উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের পাঠক, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, সংবাদপত্রের এজেন্ট-হকার ও শুভানুধ্যায়ীরা। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
সিলেট : গত সোমবার বিকেলে সিলেট চেম্বার কনফারেন্স হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আলোচনা সভা হয়। দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ফখরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তাহমিন আহমেদ, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান রিপন, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আবুল আলা জুনেদ আহমদ, পুলিশ ইন্সপেক্টর মাইনুদ্দিন জাকির, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি প্রমুখ।
খুলনা : খুলনায় কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত সোমবার সকালে খুলনা প্রেস ক্লাবে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। এ সময় তিনি বলেন, ‘এ স্বল্পসময়ে দেশ রূপান্তর পাঠকের কাছে তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে দেশ রূপান্তর এ বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে সক্ষম হবে বলে আশা করি।’
দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক এসএম আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ জামান, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, খুলনা সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জিয়াউল আহসান প্রমুখ।
শেরপুর : বীরাঙ্গনা নারীদের নিয়ে দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে শেরপুরে। গত সোমবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঐতিহাসিক সোহাগপুর বিধবাপল্লীতে স্থানীয় বীরাঙ্গনা ও জায়াদের নিয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বীরাঙ্গনা হাফিজা বেওয়া বলেন, ‘আমাদের বিধবাপল্লীতে দেশ রূপান্তর পত্রিকার অনুষ্ঠান আয়োজন করায় আমরা খুশি। তারা আমাদের সম্মান দিয়েছে।’
দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শফিউল আলম সম্রাটের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সিনিয়র সাংবাদিক জিএম বাবুল প্রমুখ।
হবিগঞ্জ : গত সোমবার বিকেলে হবিগঞ্জ প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পাভেল খান চৌধুরী, হবিগঞ্জ বারের সাবেক সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ প্রমুখ।
কুষ্টিয়া : গত সোমবার সকালে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে দেশ রূপান্তরের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক অজয় মৈত্র, প্রবীণ সাংবাদিক আবদুর রশিদ চৌধুরী, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি হাজি গোলাম মহসিন প্রমুখ।
মানিকগঞ্জ : মানিকগঞ্জে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। সোমবার দুপুর ১টার দিকে সাটুরিয়া প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল মজিদ ফটো। উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য আবদুর রাজ্জাক রাজ, সাটুরিয়া মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, সাটুরিয়া থানার ওসি শফিকুল ইসলাম মোল্যা প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া : গত সোমবার বেলা ১১টায় প্রেস ক্লাবের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম শফিকুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরীর সভাপতিত্বে ও সহসভাপতি বিশ্বজিৎ পাল বাবুর সঞ্চালনায় অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান লোকমান হোসেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল কুদ্দুস, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মো. আরজু। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিনিধি মনির হোসেন।
মাদারীপুর : অনুষ্ঠানমালায় অতিথি ছিলেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান ও জেলা তথ্য কর্মকর্তা বেনজির আহমেদ। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস, সাংবাদিক সাগর হোসেন তামিম, আঞ্জুমান জুলিয়া, সঞ্জয় কর্মকার অভিজিৎ, মাসুদুর রহমান সরদার, আবদুল্লাহ আল মামুন, আরিফুর রহমান, সাইফুল ইসলাম নয়ন, মহিবুল হাসান লিমন, সাবরিন জেরিন, এমদাদুল হক মিলন, মোহাম্মদ মামুন, রাজৈরের আকাশ আহম্মেদ সোহেল, শাহাদাত হোসেন, হাফিজুল শরিফ, আতিক হাসান প্রমুখ। জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাংবাদিক আরিফুর রহমান।
বাগেরহাট : সোমবার বেলা ১১টায় বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদে সংক্ষিপ্ত আলোচনার পর কেক কাটা হয়। অনুষ্ঠানমালায় অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রধান নির্বাহী মো. রাশেদুজ্জামান, বাগেরহাট জেলা আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সাদিয়া আফরোজ ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান আহমেদ মনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রতিনিধি অলীপ ঘটক।
