লিওনেল মেসি প্যারিস অলিম্পিকে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাকে খেলাতে মুখিয়ে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাসচেরানোও। কোচ চাইলে ৩ জন সিনিয়র খেলোয়াড়কেও দলে রাখতে পারেন। সে সুযোগ কাজে লাগিয়েই মেসিকে খেলাতে চান মাসচেরানো।
তবে দুই পক্ষের ইচ্ছা থাকার পরও মেসির অলিম্পিকে খেলা নিশ্চিত নয়। ব্যস্ত সূচি ও শারীরিক ক্লান্তি বাধা হয়ে দাঁড়াতে পারে মেসির অলিম্পিক খেলার পথে। এরপরও এখনই হাল ছাড়তে নারাজ মাসচেরানো। মেসিকে দলে পেতে আরও অপেক্ষা করার কথা জানিয়েছেন সাবেক এ ফুটবলার।
মেসির অলিম্পিক খেলার ব্যাপারে জানতে চাইলে টিওয়াইসি স্পোর্টসকে মাসচেরানো বলেছেন, ‘আমি লিওর (মেসি) সঙ্গে কথা বলেছি এবং পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে কথা বলার ব্যাপারে একমত হয়েছি। সে ইন্টার মায়ামির হয়ে কেবল মৌসুম শুরু করল। অলিম্পিকের আগে এখনো যথেষ্ট সময় বাকি আছে। এটাও বিশেষভাবে বিবেচনা করা দরকার যে সামনে কোপা আমেরিকাও আছে। এটা খুব সহজ কোনো পরিস্থিতি নয়। আমাদের দেখতে হবে যে অলিম্পিকে খেলার মতো প্রাণশক্তি তার সত্যিই আছে কি না।’
অলিম্পিক খেলার জন্য মেসির ওপর বাড়তি কোনো চাপ দিতে চান না জানিয়ে মাসচেরানো বলেছেন, ‘আমাদের বুঝতে হবে, লিও জানে যে বয়স তার শরীরের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে এবং তাকে সময় ব্যবস্থাপনা নিয়েও ভাবতে হচ্ছে। তাকে বিরক্ত করা কিংবা তার ওপর চাপ প্রয়োগ করা আমাদের উদ্দেশ্য না।’
এরপরও মেসিকে দলে পেতে মাসচেরানো নিজের একাগ্রতা দেখিয়েছেন এভাবে, ‘আমরা তাকে খেলার জন্য আগাম নিমন্ত্রণ জানিয়ে রাখব। আর আমরা তাকে তার যা প্রয়োজন তা দেব, যেন সে বিষয়টি নিয়ে চিন্তা করতে পারে। পাশাপাশি ক্লাবের দিক থেকেও দেখতে হবে। ইন্টার মায়ামি এবং এমএলএসের জন্য তাঁর কিছু অনুপস্থিত থাকার বিষয়টি সহজ নয়। সে তার সুবিধামতো সিদ্ধান্ত নেবে।’
অন্যদিকে তরুণ খেলোয়াড়দের জায়গা করে দিতে অলিম্পিকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আনহেল ডি মারিয়া। তার প্রসঙ্গ উঠতে মাসচেরানো বলেন, 'আনহেল আমার কলের প্রশংসা করেছেন, তবে প্যারিসে যাওয়ার তার কোনো ইচ্ছা নেই। তাকে আমরা বাতিল করে দিয়েছি, ও তরুণ খেলোয়াড়দের জায়গা দিতে চায়।'
এছাড়াও অলিম্পিকে খেলার প্রতি আগ্রহ দেখিয়েছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তাকেও ভাবনায় রেখেছেন মাশচেরানো, 'আমরা কীভাবে দিবু মার্তিনেজকে বিবেচনা না করতে পারি? বিশ্বকাপ জয়ী দল থাকার সুবিধা আমাদের আছে। অনেক খেলোয়াড় আছে যাদের মান অনেক উন্নত। দিবু বিশ্বের সেরা গোলরক্ষকদের মধ্যে একজন।'
