ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। এই ব্যর্থতার কারণ জানতে মূল্যায়ন কমিটি গঠন করে বিসিবি। তিন সদস্যের সেই কমিটি এখনও খোলাসা করেনি। বিশ্বকাপ দলের সঙ্গে থাকা দুজন বোর্ড পরিচালকের বিপক্ষে হস্তক্ষেপের অভিযোগ এনেছেন ক্রিকেটাররা, এমন খবর ছড়িয়েছে সংবাদ মাধ্যমে।
সেই পরিচালকদের একজন খালেদ মাহমুদ সুজন বলে গুঞ্জনও আছে। এমন গুঞ্জনের মাঝে আজ বুধবার মিরপুরে সেই মূল্যায়ন জনসম্মুখে প্রকাশের দাবি করলেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘তদন্ত রিপোর্টটা তো বিসিবি প্রকাশ করেনি। কোথা থেকে খবরটা আসে (তার হস্তক্ষেপ করার সন্দেহ)? বিসিবি নিশ্চয়ই দেবে কী কারণ। তারপর বোঝা যাবে কি সত্যি, কি মিথ্যা। আমার মনে হয় যেটাই রিপোর্টে এসেছে, জনসম্মুখে আনা উচিত। সেটা জনসম্মুখে আনলে ভালো। কারণ যদি আমাদের কোনো সমস্যা থাকে, সেটার সমাধান হবে।’
বিসিবি যদি জনসম্মুখে প্রকাশ না করে তাহলে কি হবে? খালেদ মাহমুদ জানালেন, ‘বোর্ড যদি মনে করে এটা জনসম্মুখে আনা যাবে না, আমরা নিজেরাই সমাধান করব বোর্ড থেকে, সেটাও হতে পারে।’
কারো হস্তক্ষেপ দল খারাপ করতে পারে, এটা মনে করেন না মাহমুদ, ‘এটা দলীয় খেলা, একক কারোর কারণে কিছু হতে পারে বিশ্বাস করি না। পরিকল্পনার সমস্যা থাকতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি মনে করি না কোনো ব্যক্তির কারণে ম্যাচ হেরে যাবে বা জিতে যাবে! হ্যাঁ, অনেকেই ম্যাচ জেতায়, কিন্তু আমার মনে হয় খেলা তো মাঠে হয়। বাইরে থেকে তো আপনি এসব নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমি আসলে এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না।’
