প্যারা আরচারিতে আবারও ব্রোঞ্জ এনে দিলেন ঝুমা

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১১:০৭ পিএম

প্যারা আরচারিতে বাংলাদেশকে ব্রোঞ্জ এনে দিয়েছেন ঝুমা আক্তার। প্যারা অলিম্পিকের কোটা টুর্নামেন্টে কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে ঝুমা হারান এক মার্কিন আরচারকে। রোমান সানার আকস্মিক অবসর ঘোষণায় দেশের আরচারিকে চলমান উদ্বেগের মাজেই এ স্বস্তির খবর নিয়ে আসলেন ঝুমা। এর আগে এশিয়ান প্যারা আরচারি চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।

ঝুমার ১৩৮ স্কোরের বিপরীতে যুক্তরাষ্ট্রের ওয়াল্লাসি তেরেসা করেন ১৩৪। সেমিফাইনালে ঝুমা ইতালিয়ান আরচারের বিপক্ষে মাত্র ১ পয়েন্টের জন্য হারেন। বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল প্যারা আরচারি এসোসিয়েশনের সভাপতি। এশিয়ান প্যারা আরচারি প্রতিযোগিতার সঙ্গে প্যারা অলিম্পিকের বাছাইও অনুষ্ঠিত হয়েছে। মূল অলিম্পিকে কম্পাউন্ড ইভেন্ট না থাকলেও প্যারা অলিম্পিকে রয়েছে। ঝুমা ব্রোঞ্জ জেতায় প্যারা অলিম্পিকে খেলার সম্ভাবনার কথা জানালেন এসোসিয়েশনের সভাপতি চপল,। বলেন, ‘কম্পাউন্ড নারী বিভাগে আমাদের যে অবস্থান, এতে প্যারা অলিম্পিক নিশ্চিত হওয়ার কথা। আনুষ্ঠানিক ঘোষণা আসলে আমরা বিষয়টি নিশ্চিত করতে পারব।’

ঝুমা আক্তার গাছ থেকে পড়ে গিয়ে পক্ষাঘাতগ্রস্থ হন। এরপর থেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না তিনি। হুইল চেয়ারই তার নিত্যসঙ্গী। আগে বাস্কেটবল খেললেও গত বছর থেকে আরচারি শুরু করেছেন। ভারতীয় কোচ নিশীথ দাসের অধীনে কম্পাউন্ড বিভাগে ভালো পারফরম্যান্স করছেন ঝুমা। দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে নিশীথ আরচার ঝুমাকে নিয়ে প্যারা অলিম্পিকে খেলার আশাবাদ ব্যক্ত করেছিলেন। ব্রোঞ্জ জয়ে সেই আশা অনেকটাই পূরণের পথে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত