টিআইবির কাছে লিখিত ব্যাখ্যা চাইবে বিআরটিএ

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০২:৫৬ এএম

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) মোটরযান নিবন্ধন, ফিটনেস সনদ ইস্যু, রুট পারমিট ও নবায়নে ঘুষসহ অন্যান্য সেবায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত প্রতিবেদন অনুমাননির্ভর, অসত্য ও উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। তিনি বলেন, বিআরটিএ ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করছে। কারণ এতে বিআরটিএসহ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনুমাননির্ভর তথ্য যা জনমনে বিভ্রান্তির সৃষ্টিসহ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করে এরূপ প্রতিবেদন প্রকাশে বিরত

থাকার জন্য তাদের অনুরোধ করা যাচ্ছে। আমরা টিআইবির কাছে এর লিখিত ব্যাখ্যা চাইব। পাশাপাশি টিআইবি যে গঠনমূলক-বাস্তবধর্মী সুপারিশগুলো করেছে, তা আমলে নেওয়া হবে।

গতকাল বুধবার বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সম্প্রতি টিআইবির প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিআরটিএ।

বিআরটিএকে শতভাগ ঘুষমুক্ত প্রতিষ্ঠান বলা যায় কি না, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বিআরটিএ চেয়ারম্যান বলেন, আপনি যেভাবে বলছেন এখানে ১০০ পার্সেন্টের বিষয় নয়। তারাই (টিআইবি) তো বলেছে ৪৬ শতাংশ। ঘুষ লেনদেন হয় না, এটা হান্ড্রেড পার্সেন্ট কেউ হলফ করে বলতে পারবে না। যদি হয়ে থাকে, সেটার বিরুদ্ধে ব্যবস্থা তো আছে। পৃথিবীর সব দেশে যারা অনিয়ম-দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত