সাংবাদিক রানার মুক্তির দাবি রাজশাহীর সাংবাদিক নেতাদের

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৭:৩৯ পিএম

দৈনিক দেশ রূপান্তরের শেরপুর জেলার নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন রাজশাহীর সাংবাদিকরা। তারা সাংবাদিক রানার মুক্তির দাবি জানিয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িতারা সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকেও আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে বলে দাবি করেন তারা। 

গত মঙ্গলবার নকলা উপজেলা ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ (ভূমি) সাংবাদিক শফিজ্জামান রানাকে ৬ মাসের সাজা দিয়ে কারাগারে পাঠান। এই ঘটনার নিন্দা জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি। তারা অবিলম্বের রানার মুক্তির দাবি জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সাংবাদিক রানার মুক্তির দাবি জানিয়েছেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম উদ দৌলা। তিনি বলেন, গণমাধ্যম কর্মীরা নাগরিকদের অধিকার আদায়ের জন্য কাজ করেন। সেই জায়গায় সরকারের একটি দায়িত্বশীল পদে থেকে তিনি ক্ষমতার যেভাবে অপব্যবহার করেছেন তা আইন এবং জনগণের প্রতি চরম অশ্রদ্ধা। এবং আইনের স্পষ্ট লঙ্ঘন। এই বিষয়টা যদি বিচারের আওয়তায় না আনা হয় আমরা আইনের শাসন প্রতিষ্ঠা ও সুসাশনের কথা বলি এ জন্য যে লড়াইটা শুরু হয়েছে সেটা সম্পূর্ণ ব্যর্থ হবে। একেবারে চরম ধরনের একটি লঙ্ঘন ঘটেছে এখানে। আজকে এটার যদি লাগাম টানা না হয় এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে সামনের দিনে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হবো।   

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু। তিনি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত