এশিয়ান গেমসে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে এশিয়ার আরও চার টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। শক্তিশালী দলগুলোর উপস্থিতিতে সোনা জয়ের পথ যে সহজ নয়, তা বেশ ভালো করেই জানা বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের। তাই এখনই চ্যাম্পিয়ন হওয়া নিয়ে না ভেবে বাংলাদেশ দলের চোখ আপাতত ফাইনালে।
জাপানের আইচি-নাগোয়ায় আয়োজিত এশিয়ান গেমসে আজ নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আজ আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় লক্ষ্যের কথা ব্যক্ত করেন অধিনায়ক লিটন দাস। শক্তিশালী প্রতিপক্ষদের ভিড়ে বাংলাদেশের লক্ষ্য কী এমন প্রশ্নের জবাবে দেশ ছাড়ার আগের কথাটিরই পুনরাবৃত্তি করে লিটন বলেন, ‘দেশ ছাড়ার আগে বলেছিলাম যে, আমাদের প্রথম লক্ষ্য ফাইনালে যাওয়া। সোনা পাব কি না, ওটা পরের বিষয়, কিন্তু তার জন্য আগামীকালের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। আপাতত ওটার দিকেই মনোযোগ দিচ্ছি।’
চলতি আসরে মেয়েদের ক্রিকেটে ব্রোঞ্জ হাতছাড়া হওয়া এবং অন্যান্য ইভেন্ট মিলিয়ে বাংলাদেশের ঝুলিতে এখন পর্যন্ত উশু থেকে এসেছে মাত্র একটি ব্রোঞ্জ। ফলে ক্রিকেট দলের ওপর সমর্থকদের প্রত্যাশার চাপ অনেকটাই বেশি। তবে একে বাড়তি চাপ হিসেবে দেখতে নারাজ অধিনায়ক। তার ভাষ্য, ‘আপাতত না। প্রথম ম্যাচটা খেলি, জিতলে তারপর চিন্তাভাবনা করব।’
মাঠে নামার আগে অবশ্য কাক্সিক্ষত অনুশীলন থেকে বঞ্চিত হতে হয়েছে বাংলাদেশকে। বৃষ্টির কারণে ভেন্যুর মূল অনুশীলন ভেসে যাওয়ায় বাধ্য হয়ে ফুটবল মাঠে অনুশীলন সেরেছে দল। পরিস্থিতিটি আগে থেকেই অনুমান করতে পেরেছিলেন জানিয়ে লিটন বলেন, ‘দেশে আমরা অনেক অনুশীলন করেছি এবং আমি খেলোয়াড়দের একটা কথাই বলেছি যে, ওখানে (জাপান) গিয়ে (অনুশীলনের) সুযোগ নাও থাকতে পারে...যদি বৃষ্টি থাকে। তাই মানসিকভাবে ওভাবে প্রস্তুতি নিতে হবে। আর এই দেশে ক্রিকেট খুব একটা পরিচিতও না। তারা সুযোগ-সুবিধা সেভাবে দিতে পারবে কি না, এ নিয়েও সন্দেহে ছিলাম। খেলোয়াড়রা ওখান থেকেই (ঢাকা) প্রস্তুতি নিয়েছে এবং মনে হয় তারা খেলার জন্য প্রস্তুত।’
জাপানের পরিবর্তিত আবহাওয়াও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গতকাল প্রথম দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় র্যাংকিংয়ে গিয়ে থাকার সুবিধায় সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত ও পাকিস্তান। আজকের বাংলাদেশ ও মালয়েশিয়ার ম্যাচও যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তবে ভালো র্যাংকিংয়ের সুবাদে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আবহাওয়ার অনিশ্চয়তা নিয়ে লিটন দাসের স্পষ্ট মন্তব্য, ‘(খেলা) না হলে কিছু করার থাকবে না। আগেও বললাম যে বৃষ্টির ওপর কারও নিয়ন্ত্রণ নেই।’
এ ছাড়া স্পিন আক্রমণ ও একাদশ সাজানো নিয়ে নিজের ভাবনা স্পষ্ট করে তিনি যোগ করেন, ‘আমার মনে হয় উইকেটটা বোলারদের জন্য সুবিধাজনক হবে। চেষ্টা করব, আমাদের দলের যে সেরা বোলাররা আছে তাদের খেলাতে।’
বাংলাদেশ মাঠে নামার আগে জোর ধাক্কা লেগেছে দলে। জ¦রে পড়ায় নাজমুল হোসেন শান্তকে খেলানো যাবে না। তাই তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।