কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টেও বিদায়

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ এএম

এশিয়ান গেমসে আরচারিতে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। দলীয় ছয় ইভেন্টের পর এবার ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগ থেকেও বিদায় নিয়েছেন বাংলাদেশের আরচাররা। পুরুষ বিভাগে হিমু বাছাড় ও নেওয়াজ আহমেদ রাকিব এবং নারী বিভাগে কুলসুম আক্তার মনি ও বন্যা আক্তার শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে হেরে গেছেন।

কম্পাউন্ড পুরুষ ব্যক্তিগত বিভাগে বাংলাদেশের সম্ভাবনাময় আরচার হিমু বাছাড় প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। র‌্যাংকিং রাউন্ডে ১১তম হওয়া কাজাখস্তানের টুটুন আন্দ্রের কাছে ১৪৬-১৪১ পয়েন্টে হেরেছেন তিনি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রথম ও

তৃতীয় সেটে সমান পয়েন্ট অর্জন করেন হিমু। তবে দ্বিতীয় ও চতুর্থ সেটে পিছিয়ে পড়ায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়েন কাজাখস্তানের আরচার। একই বিভাগে প্রথম রাউন্ডে জয় পেয়েছিলেন নেওয়াজ আহমেদ রাকিব। ইরানের মিলাদ রশিদিকে ১৪৬-১৪৫ পয়েন্টে হারিয়ে পরের রাউন্ডে উঠেছিলেন তিনি। তবে প্রি-কোয়ার্টার ফাইনালে চীনের লিও জিনির কাছে ১৪৮-১৪৫ পয়েন্টে হেরে তারও বিদায় নিশ্চিত হয়।

নারী কম্পাউন্ড এককে বাংলাদেশের কুলসুম আক্তার মনি ও বন্যা আক্তার বাই পেয়ে সেরা ৩২-এ জায়গা করে নেন। তবে পরের রাউন্ডে মালয়েশিয়ার নিনা বনিতার কাছে হেরে যান মনি। অন্যদিকে বন্যা আক্তার ইরানের গিসা বাই বর্দিকে ১৪৭-১৪৩ পয়েন্টে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। কিন্তু শেষ ষোলোয় ইরানের আরেক আরচার ওসকুয়ের কাছে মাত্র এক পয়েন্টের ব্যবধানে হেরে যান তিনি। ম্যাচের স্কোর ছিল ১৪৪-১৪৩।

গেমসর আরচারিতে বাংলাদেশের পদক প্রত্যাশা থাকলেও দলীয় ইভেন্টের পর ব্যক্তিগত কম্পাউন্ডেও হতাশ হতে হয়েছে। এখন রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। আজ এই বিভাগের খেলা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত