কারাগারে রাজবন্দি নয়, আছে বিএনপির অ্যাক্টিভিস্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৩:৪০ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘তারা (বিএনপি) বলছে যে, হাজার হাজার রাজবন্দি। আমি বলবো রাজবন্দি বলতে আমাদের এখানে কেউ নেই। আমাদের কাছে বন্দি আছে বিএনপির অ্যাক্টিভিস্ট।’ 

শনিবার (৯ মার্চ) দুপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজবন্দি বলতে আমাদের এখানে কেউ নেই। যারা প্রধান বিচারপতির বাসায় ভাঙচুর করেছে, যারা আমার পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, যারা আমার আনসার পিটিয়ে হত্যা করেছে, যারা আমাদের মেয়েদের গায়ে হাত দিয়েছে। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেটা পুলিশ করছে।’

দেশে অন্যায়ভাবে বা রাজনৈতিকভাবে কাউকে গ্রেপ্তার করা হয়নি দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা যে অপপ্রচার চালাচ্ছে তার কোনো ভিত্তি নেই। তবে তারা নির্বাচনের পরে মনগড়া তথ্য প্রচার করে বিদেশিদের আকর্ষণ করার চেষ্টা করছে। অথচ নির্বাচন পর্যবেক্ষণে আসা বিদেশি সাংবাদিকরা নির্বাচন পরবর্তী সময়ে বলেছেন যে, বাংলাদেশের নির্বাচনের সুষ্ঠু হয়েছে। আমেরিকারও দুই একটি সংগঠন বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী কথা অনুযায়ী, বিএনপি বা আন্তর্জাতিক সংস্থাগুলো কিসের ভিত্তিতে বা বিনিময়ে স্টেটমেন্টগুলো দিচ্ছে— এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্রমাগতভাবে বিএনপি মিথ্যে তথ্য প্রচার বা দিয়ে যাচ্ছে। তারা কে কীভাবে বিভ্রান্ত হচ্ছেন, সেটি আমাদের দেখার বিষয় নয়। আমরা স্পষ্ট করে বলতে পারি, তারা যেসব বলছেন সেসব দেশে ঘটেনি। দুয়েকটি দেশ বাদে সব দেশ সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছেন। তারা মনে করেন দেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত