দৈনিক দেশ রূপান্তরের শেরপুর জেলার নকল উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানার মুক্তি দাবি জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন।
সাংবাদিক রানাকে কারাগারে পাঠানোর ঘটনায় প্রতিবাদ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনকে অপসারণের দাবি জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ।
আজ শনিবার (৯ মার্চ) এক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ এ দাবি জানান। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, যুগ্ম—সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, কোষাধ্যক্ষ আজিজুল আলম সঞ্চয় ও কার্যকরী সদস্য মুজিবুর রহমান খান।
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরী বাপ্পী বলেন, অবাধ তথ্য প্রবাহের যুগে একজন সাংবাদিকের কাজই হচ্ছে তথ্য সংগ্রহ করে সংবাদ প্রস্তুত করা। সেইজন্য তিনি নানাভাবে তথ্য সংগ্রহ করবেন এটাই স্বাভাবিক। অথচ সাংবাদিক শফিউজ্জামান রানা তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে জেল হাজতে গেলেন, এটা কোনোভাবেই মেনে নেয়া যায়না। একজন রাষ্ট্রীয় কর্মকর্তাসহ সাংবাদিকের বিরুদ্ধে শুধুমাত্র তথ্য চাওয়ায় আদালত বসিয়ে কারাদন্ড দেন তখন বুঝতে হবে কোথাও গলদ রয়েছে। তাই এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার এই ন্যাক্কারজনক ঘটনার তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়া জরুরি।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৫ মার্চ) দেশ রূপান্তর পত্রিকার নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তথ্য চেয়ে আবেদন করেন। আবেদনের প্রাপ্তি স্বীকারপত্র চাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের নির্দেশে সহকারী কমিশনার ভূমি মো. শিহাবুল আরিফ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিক শফিউজ্জামান রানাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে প্রেরণ করেন।
সেই ইউএনওর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি সাংবাদিকদের
দেশ রূপান্তর সাংবাদিক রানার মুক্তি চাই