প্রিয় তারকাকে এক নজর কাছ থেকে দেখার জন্য কিংবা একটু কথা বলার জন্য অধীর আগ্রহে থাকেন ভক্তরা। একটু দেখা পেলেই যেন আনন্দে আত্মহারা হয়ে যান তারা। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে রাজধানীর উত্তরায়। ভক্তদের আয়োজনে ‘ফ্যান মিট উইথ তানজিন তিশা’ শীর্ষক এক গেট টুগেদারে অংশ নেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
প্রিয় অভিনেত্রীকে কাছে পেয়ে উপস্থিত ভক্তদের প্রত্যেকের চোখেমুখে আনন্দের ছাপ। গানে গানে এবং ফুলেল শুভেচ্ছায় তাদের প্রিয় তারকাকে অনুষ্ঠানে স্বাগত জানান তানজিন তিশা ফ্যানস ক্লাবের সদস্যরা। গত বছরের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই আয়োজন করেন তারা। অনুষ্ঠানে তিশা ছাড়াও এই আয়োজনে উপস্থিত ছিলেন জনপ্রিয় দুই নির্মাতা সঞ্জয় সমদ্দার ও জাহিদ প্রীতম। উপস্থিত ছিলেন তানজিন তিশার বোন শারমিন নীপা ও তার স্বামী।
ভক্তদের সঙ্গে আড্ডার পাশাপাশি নতুন কাজ নিয়ে তিশার সঙ্গে ভক্তরা সরাসরি অংশ নেন প্রশ্নোত্তরপর্বে। এছাড়াও ছিল কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। লটারির মাধ্যমে প্রায় বিশ জনকে শাড়ি, পাঞ্জাবি এবং এয়ারপড উপহার দেওয়া হয়। শুধু তাই নয়, আসন্ন রমজান মাসকে সামনে রেখে উপস্থিত সবার জন্য তানজিন তিশার পক্ষ থেকে জায়নামাজ উপহার দেওয়া হয়।
এই অনুষ্ঠানে অংশ নিতে অর্থাৎ তিশার সঙ্গে দেখা করতে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, কুমিল্লা এমনকি কলকাতা থেকেও ভক্তরা এসে হাজির হয়েছেন। এ আয়োজনটির সংগঠক ও সমন্বয়কারক হৃদয় নাহিদ বলেন, ‘এটি আমাদের দ্বিতীয় গেট টুগেদার। প্রথমবার অনেকেই অংশ নিতে পারেননি তাই এবার অনেকেই আগে থেকে যোগাযোগ করে এসেছেন। দেশে এবং দেশের বাইরে থেকেও অনেকেই এসেছেন তিশা আপুর সঙ্গে দেখা করতে। খুব সুন্দরভাবেই অনুষ্ঠানটা শেষ করতে পেরেছি। তানজিন তিশা আপুর প্রতি অনেক কৃতজ্ঞতা এত ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দেওয়ার জন্য এবং সবাইকে উপহার দেওয়ার জন্য।’
ভক্তদের এমন আয়োজন ও ভালোবাসায় সাড়া দিতে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে বেশ আনন্দিত তানজিন তিশা। তাদের সঙ্গে বেশ অনেকক্ষণ সময় কাটান এবং তাদের সঙ্গে নিয়ে কেক কাটেন। ভক্তদের আয়োজনে মুগ্ধতা ও ভালোবাসা জানিয়ে অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার যারা ভক্ত আছেন তারা-ই এই পুরো অনুষ্ঠানটি আয়োজন করেছেন, খুবই সীমিত পরিসরে। তাদের আমন্ত্রণেই সেখানে উপস্থিত হই এবং সেখানে থাকা প্রতিটা মুহূর্তই আমি খুব উপভোগ করেছি। তারা বেশ সুন্দরভাবেই অনুষ্ঠানটি আয়োজন করেছে, এর জন্য তাদের অশেষ ধন্যবাদ।’
‘এখানে এসে দেখেছি আমার সঙ্গে দেখা করার জন্য অনেক দূর থেকে কষ্ট করে এখানে এসেছেন ভক্তরা। কলকাতা থেকেও এসেছেন। এই ছোট ছোট ছেলেমেয়েরা এত সুন্দর করে এই আয়োজন করেছে, সবার এত এত ভালোবাসা দেখে আমি আসলে মুগ্ধ। আমি মনে করি আমার অনেক বেশি ফ্যানস দরকার নেই, রিয়েল ফ্যান অল্প হলেও সেটাতেই আমি খুশি। আমি সত্যি অনেক ভাগ্যবতী যে এরকম কিছু ফ্যানস পেয়েছি। তাদের এমন ভালোবাসাতেই সবসময় থাকতে চাই। আর যেহেতু সামনে রমজান মাস তাই আমার মনে হয়েছে সবাইকে যদি নামাজের জন্য জায়নামাজ উপহার দিই তাহলে সেটা বেশ ভালো হয়। ভক্তরাও দেখলাম অনেক খুশি।’
