সকাল ৮টায় পূর্বনির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়। কিছুক্ষণ পরে সবাই জানতে পারেন, ব্যালট পেপারে এক প্রার্থীর প্রতীক নেই। এ নিয়ে শুরু হয় তুলকালাম। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। ব্যালট পেপারে আপেল প্রতীকের স্থানে কদমফুল প্রিন্ট হওয়ায় ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
এ ওয়ার্ডের ইউপি সদস্য মনসুর আহমেদের মৃত্যুতে গতকাল উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ ছিল।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ‘গতকাল শনিবার ওই ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠানের জন্য সব আয়োজন সম্পন্ন হয়েছিল। ভোটগ্রহণের শুরুতেই ব্যালট পেপারে আপেল প্রতীকের স্থলে কদমফুল প্রতীক দেখা যাওয়ায় কর্মকর্তাদের দৃষ্টি পড়ে। পরে নির্বাচন স্থগিত করা হয়।’
দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার শাহাদাত হোসেন বলেন, ‘নির্বাচনে ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি ছিল। ব্যালট পেপারে ভুল থাকায় নির্বাচন স্থগিত করা হয়েছে।’
গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে সদস্য পদে মো. অহিদুল ইসলাম (ফুটবল প্রতীক), শফিউল্যাহ স্বপন (সিলিংফ্যান), খোরশেদ আলম (মোরগ), কার্তিক (তালা) ও মীর হোসেন (আপেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
