এবার রোজায় ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রি করবেন খলিল ব্যবসায়ী

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১২:৩৩ পিএম

আলোচিত ব্যবসায়ী খলিল এবারের পবিত্র রমজানে ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) রাজধানীর খিলগাঁওয়ের খলিল গোশত বিতানে ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রির এই কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

ব্যবসায়ী খলিল বলেন, রমজানে ক্রেতাদের ৫০০ টাকায় গোশত খাওয়াতে চেয়েছিলাম। কিন্তু গরুর দাম বেশি হওয়ায় সেটি সম্ভব হচ্ছে না। তাই ৫৯৫ টাকা কেজি দরে গোশত বিক্রি করছি। আশা করছি, এই দরে গোশত বিক্রি করলেও লোকসান হবে না।

তিনি বলেন, একজন ক্রেতা নির্ধারিত মূল্যে সর্বোচ্চ ৫ কেজি গোশত কিনতে পারবেন। আগামী ২৫ রমজান পর্যন্ত ছাড়কৃত মূল্যে এই মাংস বিক্রি কার্যক্রম চলবে।

গত বছরের নভেম্বরে গরুর মাংসের দর কেজিপ্রতি ৭৫০-৮০০ টাকা পর্যন্ত ওঠার মধ্যেই শাহজাহানপুর বাজারে খলিল গোশত বিতানের একটি ব্যানার ভাইরাল হয়। ‘প্রতি কেজি ৫৯৫ টাকা’ লেখা দেখে ক্রেতারা লাইন ধরেন সেই দোকানে। খলিলের দেখাদেখি আরও কয়েকজন ব্যবসায়ীও গরুর মাংসের দাম কমিয়ে দেন। দাম কমানোর পরে বিক্রি বেশি হওয়ায় লাভও হচ্ছিল বলে তখন জানিয়েছিলেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত